কলম্বিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে উড্ডয়নের কিছুক্ষণ পরেই দেশটির সামরিক বাহিনীর একটি কার্গো পরিবহন বিমান বিধ্বস্ত হয়ে কমপক্ষে ৩৪ জনের মৃত্যু হয়েছে। সোমবার (২৩ মার্চ) কলম্বিয়ার পুতোমায়ো বিভাগের পুয়ের্তো লেগুইজামো শহরের কাছে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। লকহিড মার্টিনের তৈরি হারকিউলিস সি-১৩০ মডেলের ওই বিমানটিতে মোট ১২৫ জন যাত্রী ছিলেন।
কলম্বিয়ার প্রতিরক্ষামন্ত্রী পেদ্রো সানচেজ জানিয়েছেন, বিমানবন্দর থেকে উড্ডয়নের পর মাত্র দেড় কিলোমিটার উচ্চতায় পৌঁছানোর পরই বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে ভূমিতে আছড়ে পড়ে। তবে বিমানটি কোনো ধরনের হামলার শিকার হয়নি এবং এর পাইলটরা যথেষ্ট দক্ষ ও অভিজ্ঞ ছিলেন বলে তিনি নিশ্চিত করেছেন।
এই দুর্ঘটনাকে অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে আখ্যায়িত করেছেন পুয়ের্তো লেগুইজামো শহরের মেয়র লুইস এমিলিও বুস্টোস। তিনি জানান, এখন পর্যন্ত ৩৪ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে এবং নিহতের সংখ্যা সামনে আরও বাড়তে পারে। অন্যদিকে, পুতোমায়ো বিভাগের গভর্নর জন গ্যাব্রিয়েল মোলিনা জানিয়েছেন, উদ্ধার হওয়া মৃতদেহগুলোর মধ্যে ২১ জনের পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি।
সূত্র: আলজাজিরা
ডিবিসি/পিআরএএন