আন্তর্জাতিক

কলম্বিয়ার ভূমিকম্পে মৃতের সংখ্যা ২৫০ ছাড়িয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

কলোম্বিয়ায় স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পের পর ধসে পড়া হাসপাতালগুলোতে আটকা পড়া রোগীদের উদ্ধারে অভিযান চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। উদ্ধারকাজে ব্যবহার করা হচ্ছে কুকুর এবং ড্রোন। গত এক দশকের মধ্যে দেশটির সবচেয়ে শক্তিশালী এই ভূমিকম্পে অন্তত ২৫০ জনের বেশি মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে।

সোমবার সকাল সাড়ে ৭টার পর কলোম্বিয়ার প্রশান্ত মহাসাগরীয় উপকূলে আঘাত হানে ৭.৪ মাত্রার এই শক্তিশালী ভূমিকম্প। ভূমিকম্পের ফলে কালি, পেরেইরা, কুইবদো এবং আরমেনিয়ায় অসংখ্য ভবন ধসে পড়ে এবং পানি, বিদ্যুৎ, যোগাযোগ ব্যবস্থা, স্কুল, বিমানবন্দর ও সড়ক ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এতে দেশজুড়ে শতাধিক মানুষ আহত হয়েছেন। উদ্ধার ও তল্লাশি অভিযান চলার সঙ্গে সঙ্গে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ।

 

সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে কালি শহরে, যা ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে ১০০ মাইল দূরে অবস্থিত। শহরটিতে অন্তত ৯৫ জন নিহত এবং ৯৯৭ জন আহত হয়েছেন বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে। মঙ্গলবার সকালে কালির মেয়র আলেহান্দ্রো এডার জানান, এখনো ২০০ জনের বেশি মানুষ আটকা পড়ে আছেন।

 

কালি শহরের ডেল ভ্যালে ইউনিভার্সিটি হাসপাতালের ছয় তলা বিশিষ্ট একটি অংশ ভূমিকম্পে ধসে পড়ে। হাসপাতালটির একজন কর্মকর্তা জানান, ধ্বংসস্তূপের নিচ থেকে শিশুসহ পাঁচজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ভবন ধসের পর ডাক্তাররা ৬০০ রোগীকে বাইরে চিকিৎসা দিতে বাধ্য হন বলে জানিয়েছেন হাসপাতালের জেনারেল ম্যানেজার। তিনি আরও জানান, হাসপাতালে আটকা পড়া অন্যদের উদ্ধারে তল্লাশি চলছে।

 

এই বিপর্যয়টি কলোম্বিয়ার নতুন প্রেসিডেন্ট আবেলাদো দে লা এসপ্রিয়েয়ার জন্য একটি বড় পরীক্ষা, যিনি গত শুক্রবারই দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য তিন মাসের ইউটিলিটি বিল মওকুফ এবং ঘরবাড়ি হারানোদের জন্য ভাড়া ভর্তুকি দেওয়ার ঘোষণা দিয়েছেন। যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট জরুরি আশ্রয় এবং খাবারের জন্য ১৫.৫ মিলিয়ন ডলারের সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। এছাড়া মেক্সিকো, ইকুয়েডর, আর্জেন্টিনা, চিলি, পেরু এবং এল সালভাদরও উদ্ধারকারী দল ও মানবিক সহায়তার প্রস্তাব দিয়েছে।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন