বাংলাদেশ, জেলার সংবাদ, কৃষি

কাঁচা মরিচ চাষ করে লাভবান নওগাঁর কৃষক

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

সোমবার ১৬ই আগস্ট ২০২১ ০৪:১৮:৫৭ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

কাঁচা মরিচ চাষ করে লাভবান হচ্ছেন নওগাঁর কৃষক। এ বছর ফলন ও দাম ভালো পাওয়ায় কৃষকের মুখে এখন তৃপ্তির হাসি।

এমন দাম পেলে প্রতি বিঘা জমিতে ৩ থেকে সাড়ে ৩ লাখ টাকা লাভের আশা করছেন তারা। কৃষি বিভাগও মরিচ চাষে দিচ্ছে পরামর্শ।

নওগাঁর মহাদেবপুরের বদলগাছি ও নওগাঁ সদর উপজেলার বিস্তীর্ণ মাঠজুড়ে চাষ হয়েছে মরিচের। বর্ষায় মরিচ চাষ লাভজনক হওয়ায় নওগাঁয় দিন দিন বৃদ্ধি পাচ্ছে মরিচ চাষ।  এ বছর মরিচের ফলন হয়েছে ভালো। চাষিরা দামও পাচ্ছেন ভালো। চাষিরা বলছেন; এক বিঘা জমিতে ৪০ হাজার টাকা খরচের বিপরীতে বিক্রি হয় ৩ থেকে ৪ লাখ টাকায়। তারা জানান,'চার কাঠা মাটি প্রতি সপ্তাহে দুই থেকে চার মণ পর্যন্ত মরিচ পাই। দশ বিঘা মাটি ধান করে যা হবে। দশ কাঠা মাটি ঝাল করে সেই টাকা হবে।'

জেলার মহাদেবপুর উপজেলায় সবচেয়ে বেশি মরিচ চাষ হওয়ায় জেলার সবচেয়ে বড় কাঁচা মরিচ বিক্রির পাইকারি বাজার বসে এই উপজেলায়। এতে কৃষক পাচ্ছেন ফসলের ন্যায্য মূল্য।

এখন প্রতি কেজি মরিচ বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৬০ টাকায়। এসব মরিচ পাইকারী ব্যবসায়ীরা সরাসরি কৃষকের কাছ থেকে কিনে পাঠাচ্ছেন ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে।

কৃষকের মরিচ চাষে উদ্বুদ্ধ ও পরামর্শ দিতে কৃষি কর্মকর্তারা মাঠ পর্যায়ে কাজ করছেন। নওগাঁ মহাদেবপুর উপজেলা কৃষি কর্মকর্তা অরুন চন্দ্র রায় জানান,'কৃষকদের মরিচের যেন কোন ক্ষতি না হয়, সে জন্য আমাদের উপ সহকারী কৃষি কর্মকর্তারা মাঠে আছেন। আমরা সার্বক্ষনিক কৃষকদের সঙ্গে যোগাযোগ রাখছি এবং পরামর্শ দিচ্ছি।'

চলতি বছর নওগাঁ জেলায় ১ হাজার ১৫০ হেক্টর জমিতে মরিচের চাষ হয়েছে। 

আরও পড়ুন