কাতারের রাস লাফান শিল্পনগরীর একটি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৩ জন শ্রমিক নিহত এবং ৬৬ জন আহত হয়েছেন। সোমবার (২২ জুন) কাতারের জ্বালানি বিষয়ক প্রতিমন্ত্রী সাদ বিন শেরিদা আল-কাবিব এই তথ্য নিশ্চিত করেছেন। জানা যায় নিহতদের মধ্যে ভারত ও পাকিস্তানের বংশোদ্ভূত ব্যক্তিরা রয়েছেন। এছাড়া আহতের মধ্যে বাংলাদেশিও আছে।
এর আগে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি প্রাথমিক হতাহতের তালিকা প্রকাশ করেছিল, পরবর্তীতে সংবাদ সম্মেলনে মন্ত্রী সেই তালিকা সংশোধন করে চূড়ান্ত সংখ্যাটি জানান।
সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী আল-কাবি জানান, প্রাথমিক তদন্ত অনুযায়ী এই বিস্ফোরণটি সম্পূর্ণ কারিগরি ও পরিচালনগত ত্রুটির কারণে ঘটেছে। তিনি স্পষ্ট করে বলেন, এটি কোনো নাশকতামূলক কর্মকাণ্ড নয়। বিস্ফোরণের পর পরই সেখানে আগুন ধরে যায়, তবে তা দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও জানান, বিস্ফোরণের ফলে সৃষ্ট আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। এছাড়া এই ঘটনার কারণে কাতারের মূল তরলীকৃত প্রাকৃতিক গ্যাস রপ্তানি কার্যক্রম, প্রধান স্থাপনাসমূহ কিংবা রাস লাফান বন্দরের ওপর কোনো প্রভাব পড়েনি।
এর আগে সোমবার ভোরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া বিবৃতিতে ৫৪ জন আহত এবং ১৮ জন নিখোঁজ থাকার কথা জানানো হয়েছিল। নিখোঁজদের সন্ধানে কাতারি সিভিল ডিফেন্স টিম এবং কাতার আন্তর্জাতিক অনুসন্ধান ও উদ্ধারকারী দল যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে। পরবর্তীতে নিখোঁজদের মধ্যে কয়েকজনের মরদেহ উদ্ধার হওয়ায় নিহতের সংখ্যা বেড়ে ১৩ জনে দাঁড়ায়।
কর্তৃপক্ষ সাধারণ জনগণকে আশ্বস্ত করে জানিয়েছে যে, বিস্ফোরণের পর ওই এলাকা থেকে কোনো ক্ষতিকারক বা বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়েনি, ফলে জনসাধারণের সুরক্ষায় কোনো হুমকি নেই। ঘটনার মূল কারণ উদঘাটনে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
সূত্র: আনাদোলু
ডিবিসি/এসএফএল