আন্তর্জাতিক

কাতারে গ্যাস কারখানায় ভয়াবহ বিস্ফোরণে আহত ৫৪, নিখোঁজ ১৮

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

কাতারের প্রধান তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) প্রক্রিয়াকরণ কেন্দ্রে এক বিস্ফোরণের ঘটনায় ৫৪ জন আহত এবং ১৮ জন নিখোঁজ হয়েছেন।

সোমবার (২২ জুন) কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটিতে এই অভ্যন্তরীণ বিস্ফোরণের পর নিখোঁজদের সন্ধানে কাতার আন্তর্জাতিক অনুসন্ধান ও উদ্ধারকারী দলকে মোতায়েন করা হয়েছে।

 

মন্ত্রণালয় এই ঘটনার জন্য একটি যান্ত্রিক ত্রুটিকে দায়ী করেছে। তবে আহতদের বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য প্রদান করা হয়নি। এর আগে কর্মকর্তারা জানিয়েছিলেন যে, ঘটনাস্থলে কাজ করা বেসামরিক প্রতিরক্ষা দলগুলো কোনো হতাহতের খবর রেকর্ড করেনি। মন্ত্রণালয় আরও আশ্বস্ত করেছে যে, কারখানাটি থেকে গ্যাস লিকেজের কোনো ঘটনা ঘটেনি, তাই জননিরাপত্তার জন্য কোনো ঝুঁকির আশঙ্কা নেই।

 

এই শিল্পাঞ্চলটি পরিচালনাকারী প্রতিষ্ঠান কাতারএনার্জি জানিয়েছে, বারজান কারখানায় বিস্ফোরণের পরপরই সেখানে জরুরি উদ্ধারকারী দল পাঠানো হয় এবং তারা কারখানার আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। রাজধানী দোহা থেকে প্রায় ৮০ কিলোমিটার উত্তরে অবস্থিত রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি বিশ্বের বৃহত্তম এলএনজি রপ্তানি কেন্দ্র, যা বৈশ্বিক গ্যাস সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ একাই উৎপাদন করে।

 

গত মার্চ মাসে কাতার সরকার জানিয়েছিল যে, ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার শিকার হওয়ার পর এই শিল্প কেন্দ্রটি ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছিল। সেই হামলার পর কাতারএনার্জি তাদের গ্যাস সরবরাহের বাধ্যবাধকতা থেকে সাময়িক মুক্তি পেতে চুক্তির 'ফোর্স ম্যাজেয়র' ধারা প্রয়োগ করে, যার ফলে ইতালি, বেলজিয়াম, দক্ষিণ কোরিয়া এবং চীনের গ্রাহকরা সরাসরি প্রভাবিত হয়েছিলেন।

 

সূত্র: আলজাজিরা 

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন