বাংলাদেশ, জাতীয়

কাতারে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপিত

কাতার প্রতিনিধি

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে কাতারের দোহাস্থ বাংলাদেশ দূতাবাসে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচির সূচনা করেন রাষ্ট্রদূত মোহাম্মদ হযরত আলী খান।

মধ্যপ্রাচ্যের বর্তমান যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে বাংলাদেশ ও কাতার সরকারের নির্দেশনার প্রতি শ্রদ্ধা রেখে এবারের অনুষ্ঠানটি সীমিত আকারে আয়োজন করা হয়। অনুষ্ঠানে দূতাবাসের কর্মকর্তা, বাংলাদেশ এম এইচ এম স্কুল ও কলেজ এবং বাংলাদেশ বিমানের স্থানীয় প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।


জাতীয় পতাকা উত্তোলন ও শহিদ বেদীতে পুষ্পস্তবক অর্পণের পর মহান মুক্তিযুদ্ধে শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর পবিত্র কোরআন থেকে তিলাওয়াত ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে শহিদদের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করা হয়। পবিত্র কোরআন তিলাওয়াত করেন দূতাবাসের প্রথম সচিব (শ্রম কল্যাণ) শোয়াইব আহমেদ এবং মোনাজাত পরিচালনা করেন অনুবাদক মো. নুরুল ইসলাম।


অনুষ্ঠানে দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়। বাণীসমূহ পাঠ করেন যথাক্রমে মিশন উপ-প্রধান মো. ওয়ালিউর রহমান, কাউন্সিলর (শ্রম কল্যাণ) মোহাম্মদ মাশহুদুল কবির, কাউন্সিলর (রাজনৈতিক) মোহাম্মদ বারিকুল ইসলাম এবং প্রথম সচিব (পাসপোর্ট ও ভিসা) মো. মইনুল ইসলাম। এরপর পররাষ্ট্র মন্ত্রণালয় নির্মিত একটি বিশেষ তথ্যচিত্র প্রদর্শন করা হয়।


দূতালয় প্রধান আবদুল্লাহ আল রাজীর সঞ্চালনায় মহান স্বাধীনতার তাৎপর্যের ওপর এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন বাংলাদেশ এম এইচ এম স্কুল ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ টি এম আসাদুজ্জামান এবং বাংলাদেশ বিমানের কান্ট্রি ডিরেক্টর মো. কামাল উদ্দিন। এছাড়া দূতাবাসের সামরিক এটাশে ব্রিগেডিয়ার জেনারেল সরদার ইশতিয়াক আহমেদ মহান মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর গৌরবোজ্জ্বল ভূমিকা নিয়ে একটি প্রবন্ধ উপস্থাপন করেন। আলোচনায় আরও অংশ নেন দূতাবাস কর্মকর্তা মো. সাজেদুল ইসলাম, সাইফুল ইসলাম এবং সীমা আক্তার।


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন