আন্তর্জাতিক, আমেরিকা

কানাডার পণ্যে ৫০ শতাংশ নতুন শুল্ক আরোপ করলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৮ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

কানাডার বিভিন্ন পণ্যের ওপর নতুন করে ৫০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কানাডা যুক্তরাষ্ট্রের অ্যালকোহল, গাড়ি ও দুগ্ধপণ্যের প্রতি ‘বৈষম্যমূলক আচরণ’ করছে-এমন অভিযোগ তুলে সোমবার এ সিদ্ধান্ত নেওয়া হয়।

হোয়াইট হাউস জানিয়েছে, নতুন শুল্ক ৩০ দিনের মধ্যে কার্যকর হবে। এর আওতায় কানাডার ওয়াইন, হকি স্টিক, সিমেন্টসহ বিভিন্ন পণ্য পড়বে। তবে জ্বালানি, পটাশ এবং আগে থেকেই খাতভিত্তিক শুল্কের আওতায় থাকা পণ্য এ সিদ্ধান্তের বাইরে থাকবে।


নতুন শুল্ক যুক্তরাষ্ট্র-মেক্সিকো-কানাডা মুক্ত বাণিজ্য চুক্তি (ইউএসএমসিএ)–এর আওতাভুক্ত কিছু পণ্যের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।


এ সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেন, এটি ইউএসএমসিএর সরাসরি লঙ্ঘন। বাণিজ্য বিরোধ নিরসনে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা আরও জোরদার করতে কানাডা প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।


হোয়াইট হাউসের দাবি, চীনের পাশাপাশি কানাডাও গত বছর যুক্তরাষ্ট্রের শুল্কনীতির পাল্টা ব্যবস্থা নিয়েছিল। এছাড়া ট্রাম্পের শুল্ক হুমকি এবং কানাডাকে যুক্তরাষ্ট্রের ‘৫১তম অঙ্গরাজ্য’ করার মন্তব্যের প্রতিবাদে দেশটির বিভিন্ন প্রদেশে মার্কিন অ্যালকোহল বিক্রি বন্ধ করা হয়েছে বলেও উল্লেখ করা হয়।


মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার বলেন, কানাডাকে ‘প্রতিশোধমূলক পদক্ষেপ ও বৈষম্যমূলক নীতির’ জন্য জবাবদিহির আওতায় আনতেই এই শুল্ক আরোপ করা হয়েছে।
 

সূত্র: আল জাজিরা


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন