কানাডার ব্রিটিশ কলম্বিয়া প্রদেশের টাম্বলার রিজ এলাকায় একটি স্কুল ও আবাসিক ভবনে ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে বন্দুকধারীসহ মোট ১০ জন নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি)। এই ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে।
আল জাজিরা তাদের এক প্রতিবেদনে পুলিশের বরাত দিয়ে জানায়, টাম্বলার রিজ সেকেন্ডারি স্কুলের ভেতর ছয়জন এবং হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। এছাড়া হামলার সাথে সংশ্লিষ্টতা রয়েছে এমন একটি বাড়ি থেকে আরও দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, স্কুলটিতে একজন ‘সক্রিয় বন্দুকধারী’ হামলা চালায়। পরবর্তীতে হামলাকারীকেও মৃত অবস্থায় পাওয়া যায়। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, হামলাকারী নিজের গুলিতেই আত্মহত্যা করেছেন।
আরসিএমপি এক বিবৃতিতে জানিয়েছে, আশঙ্কাজনক অবস্থায় দুইজনকে বিমানে করে হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া আরও প্রায় ২৫ জন স্থানীয় চিকিৎসা কেন্দ্রে চিকিৎসাধীন আছেন, তবে তাদের আঘাত প্রাণঘাতী নয় বলে জানানো হয়েছে।
ঘটনার পরপরই স্কুলের বাকি শিক্ষার্থী ও কর্মীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। নিহতদের পরিচয় শনাক্ত এবং ঘটনার মূল কারণ উদ্ঘাটনে পুলিশি তদন্ত চলছে। শিক্ষার্থীদের পরিবারের কাছে ফিরিয়ে দিতে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছে প্রশাসন।
ডিবিসি/এনএসএফ