কানাডার মন্ট্রিল শহরে স্থানীয় সময় সোমবার (২২ জুন) দুপুরে এক বন্দুকধারীর হামলায় এক পুলিশ কর্মকর্তা এবং এক বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। পরে পুলিশের গুলিতে নিহত হয়েছেন ওই সশস্ত্র হামলাকারীও। মন্ট্রিলের পুলিশ প্রধান জানান, হামলাকারী একাই এই ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে এবং তাকে ঘটনাস্থলেই গুলি করে হত্যা করা হয়।
হামলায় আরও এক পুলিশ কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন, তবে বর্তমানে তার অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানা গেছে।
শহরের বৈচিত্র্যময় এলাকা হিসেবে পরিচিত ‘কে- দে-নিজ’ এই হামলার ঘটনা ঘটে। তদন্তকারীরা জানান, একজন প্রত্যক্ষদর্শী জানালা দিয়ে একটি বন্দুকের নল বের হয়ে থাকতে দেখেন এবং গুলির শব্দ শুনে পুলিশকে খবর দেন। কুইবেকের অভ্যন্তরীণ নিরাপত্তা মন্ত্রী ইয়ান লাফ রেনিয়ারে জানান, হামলাকারীর উদ্দেশ্য এখনও স্পষ্ট নয়। মন্ট্রিলের ইতিহাসে প্রায় ২৫ বছরের মধ্যে এই প্রথম কোনো পুলিশ কর্মকর্তা দায়িত্ব পালনকালে নিহত হলেন। সংবাদ সম্মেলনে মন্ট্রিলে পুলিশ প্রধান ফাদি দাগের আবেগপ্রবণ হয়ে এই ঘটনাকে একটি ‘দুঃস্বপ্ন’ হিসেবে অভিহিত করেন।
পরবর্তীতে পুলিশ বিভাগ নিহত ওই কর্মকর্তার নাম মোহাম্মদ লামিন বেনরেদুয়ান বলে নিশ্চিত করে। যিনি ২০২১ সাল থেকে পুলিশ বাহিনীতে কর্মরত ছিলেন। তার সম্মানার্থে পুলিশ বিভাগ পতাকা অর্ধনমিত রাখার ঘোষণা দিয়েছে এবং তাকে তার কঠোর পরিশ্রম, পেশাদারিত্ব ও নিষ্ঠার জন্য স্মরণ করা হবে বলে জানিয়েছে। অন্যদিকে, হামলায় নিহত বেসামরিক ব্যক্তিটির নাম মাইকেল মোশে মিজরাহি। ‘সেন্টার ফর ইসরায়েল অ্যান্ড জিউইশ অ্যাফেয়ার্স’ নামের কানাডিয়ান একটি অধিকার গোষ্ঠী সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছে, মিজরাহি মন্ট্রিলের ইহুদি সম্প্রদায়ের একজন প্রিয় সদস্য এবং তিনি এই ঘটনার একজন নিরীহ শিকার। তবে পুলিশ এটি ইহুদি-বিদ্বেষী হামলা ছিল কি না তা নিশ্চিত করেনি।
সূত্র: বিবিসি
ডিবিসি/এফএইচআর