জেলার সংবাদ

কাপ্তাই হ্রদে মাছ ধরার নিষেধাজ্ঞা বাড়ল আরও ১০ দিন

রাঙ্গামাটি প্রতিনিধি

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মাছের প্রজনন মৌসুমে কাপ্তাই হ্রদের মৎস্যসম্পদের সুষ্ঠু প্রজনন, বংশবৃদ্ধি, মজুত ও ভারসাম্য রক্ষার লক্ষ্যে সকল প্রকার মৎস্য আহরণের ওপর ৩ মাসের (মে হতে জুলাই) নিষেধাজ্ঞার মেয়াদ আরও ১০ দিন বৃদ্ধি করা হয়েছে।

সোমবার সকালে জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত কাপ্তাই হ্রদ হতে মৎস্য আহরণে নিষেধাজ্ঞা আরোপ-সংক্রান্ত কমিটির সভা থেকে এ সিদ্ধান্ত জানানো হয়।


জেলা প্রশাসক নাজমা আশরাফীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) রাঙামাটির ব্যবস্থাপক ফয়েজ আল করিম, জেলা মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান, মৎস্য গবেষণা ইনস্টিটিউট রাঙামাটির প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা হায়দার হোসেনসহ মৎস্য ব্যবসায়ী ও মৎস্যজীবী সংগঠনের নেতৃবৃন্দ।


সভায় উপস্থিত কর্মকর্তা, মৎস্যজীবী ও ব্যবসায়ী নেতৃবৃন্দ মাছ ধরার নিষেধাজ্ঞা ১০ দিন বাড়ানোর বিষয়ে একমত হয়ে বলেন, ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে দ্রুত কাপ্তাই হ্রদের পানি বাড়লেও মাছের গঠন বৃদ্ধি পায়নি। এ ছাড়া এখনও কাপ্তাই হ্রদের পানির রং ঘোলা রয়েছে, যা মাছ আহরণের ক্ষেত্রে বড় বাধা। এ সময় জেলেরা মাছ ধরার ক্ষেত্রে নানা প্রতিকূলতার মুখোমুখি হন। তাই এই বর্ধিত নিষেধাজ্ঞা কাপ্তাই হ্রদের মৎস্যসম্পদের সুষ্ঠু বিকাশ, মৎস্যজীবী ও ব্যবসায়ীদের স্বার্থ রক্ষার পাশাপাশি কাপ্তাই হ্রদের পরিবেশ রক্ষায়ও বিশেষ ভূমিকা পালন করবে।


উল্লেখ্য, কাপ্তাই হ্রদে মাছের প্রাকৃতিক প্রজনন ও অবমুক্ত করা কার্প জাতীয় মাছের বৃদ্ধির জন্য গত ২৫ এপ্রিল থেকে ৩ মাসের জন্য মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি করা হয়।

 

ডিবিসি/ এসভিএন
 

আরও পড়ুন