চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডে (কাফকো) আবারও সাময়িকভাবে সার উৎপাদন বন্ধ হয়েছে। নিয়মিত রক্ষণাবেক্ষণ ও প্ল্যান্টের প্রয়োজনীয় টিউনিংয়ের অংশ হিসেবে সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে কারখানাটির উৎপাদন কার্যক্রম স্থগিত করা হয়।
উৎপাদন বন্ধ হওয়ার পর কারখানাটিতে সরবরাহ করা গ্যাসের পরিমাণও উল্লেখযোগ্যভাবে কমিয়ে দেওয়া হয়েছে। কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (কেজিডিসিএল) সূত্রে জানা গেছে, কাফকোতে দৈনিক ৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহের নির্ধারিত পরিমাণ থাকলেও বর্তমানে তা কমিয়ে প্রায় সাড়ে ৫ মিলিয়ন ঘনফুটে নামানো হয়েছে।
কেজিডিসিএলের উপ-মহাব্যবস্থাপক (বিতরণ উত্তর) প্রকৌশলী মোহাম্মদ রফিক খান বলেন, সরকারি নির্দেশনা এবং কারখানা কর্তৃপক্ষের চাহিদার ভিত্তিতে সোমবার সকাল ১১টা থেকে গ্যাস সরবরাহ কমানো হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও মন্ত্রণালয়ের পরবর্তী নির্দেশনা অনুযায়ী গ্যাস সরবরাহ স্বাভাবিক করা হবে।
কাফকো কর্তৃপক্ষ জানিয়েছে, উৎপাদন বন্ধের বিষয়টি আকস্মিক কোনো সমস্যার কারণে নয়। এটি কারখানার নির্ধারিত ওভারহোলিং বা রক্ষণাবেক্ষণ কার্যক্রমের অংশ। প্ল্যান্টের যন্ত্রপাতির সক্ষমতা, নিরাপত্তা ও উৎপাদন কার্যক্রম সচল রাখতে সাধারণত প্রতি তিন বছর পরপর এ ধরনের রক্ষণাবেক্ষণ করা হয়। এ সময় প্রায় এক থেকে দেড় মাস পর্যন্ত উৎপাদন বন্ধ থাকতে পারে।
কাফকোর চিফ অব পার্সোনাল ফারুখ আহমেদ বলেন, নির্ধারিত ওভারহোলিং ও প্রয়োজনীয় টিউনিং শেষ হওয়ার পর প্ল্যান্টটি আবার পূর্ণাঙ্গ উৎপাদনে ফিরবে।
এর আগে গ্যাস সংকটের কারণে প্রায় দুই মাস উৎপাদন বন্ধ থাকার পর গত ১ মে কাফকোতে পুনরায় সার উৎপাদন শুরু হয়েছিল। এর চার মাসের মাথায় নিয়মিত রক্ষণাবেক্ষণের জন্য আবারও উৎপাদন স্থগিত হলো।
ডিবিসি/এফএইচআর