রাজধানীর ব্যস্ততম এলাকা কারওয়ান বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত সোয়া ১০টার দিকে এই আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে বর্তমানে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করছে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, রাত ১০টা ২৮ মিনিটের দিকে কারওয়ান বাজারের একটি কাঠের দোকানসহ সংলগ্ন কয়েকটি স্থাপনায় আগুন লাগার সংবাদ পান তারা। খবর পাওয়ার পরপরই প্রথম দফায় পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। আগুনের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় পরবর্তীতে আরও তিনটি ইউনিট উদ্ধারকাজে যুক্ত হয়।
ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বর্তমানে আটটি ইউনিট আগুন নির্বাপণে কাজ করছে। তবে ঠিক কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।
শেষ খবর পাওয়া পর্যন্ত, ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন চারদিকে ছড়িয়ে পড়া রোধ করতে সক্ষম হয়েছেন। তবে ঘনবসতিপূর্ণ এলাকা ও দাহ্য পদার্থ থাকায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ডিবিসি/এসএফএল