রাজধানীর কারওয়ান বাজার এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট একযোগে দেড় ঘণ্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাত ১০টা ২৮ মিনিটে কারওয়ান বাজারের 'কাঠপট্টি' এলাকার পাশে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। আশপাশে অসংখ্য কাঠের গোডাউন থাকায় এবং ভবনের ভেতরে দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ভয়াবহ রূপ নেয়।
ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম জানান, রাত ১০টা ২৮ মিনিটে আগুনের সংবাদ পাওয়ার পর পৌনে ১১টার দিকে প্রথমে পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। কিন্তু আগুনের তীব্রতা বাড়তে থাকায় পর্যায়ক্রমে ইউনিটের সংখ্যা বাড়িয়ে ১০টি করা হয়। এখন পর্যন্ত অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানা যায়নি।
ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর তদন্ত সাপেক্ষে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নিশ্চিত করা সম্ভব হবে।
এদিকে একই রাতে পুরান ঢাকার আগামাসি লেনেও একটি জুতার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে সেখানে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিটের প্রায় ৫০ মিনিটের প্রচেষ্টায় রাত ১১টা ৩৩ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
ডিবিসি/এসএফএল