বাংলাদেশ, জাতীয়

কারাগারে বন্দিদের জীবন বদলে দিতে ধর্ম মন্ত্রণালয়ের ১৩ হাজার বই উপহার

ডেস্ক প্রতিবেদন

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

দেশের ৬৮টি কারাগারে থাকা বন্দিদের নৈতিক উন্নয়ন ও জীবনধারা পরিবর্তনের লক্ষ্যে কারা অধিদপ্তরকে ১৩ হাজার ধর্মীয় বই উপহার দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

সোমবার (৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর হাতে এসব বই হস্তান্তর করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. আ ফ ম খালিদ হোসেন।


ধর্ম মন্ত্রণালয়ের প্রেস উইং জানিয়েছে, কেবল বই বিতরণই নয়, কারাগারে থাকা প্রায় ৭০ হাজার কয়েদি ও হাজতির মানসিক প্রশান্তি ও অপরাধবোধ থেকে দূরে রাখতে প্রতিটি ওয়ার্ডে নামাজের ব্যবস্থা এবং ধর্মীয় শিক্ষক নিয়োগের পরিকল্পনাও নেওয়া হয়েছে। উপহার হিসেবে দেওয়া সামগ্রীর মধ্যে বইয়ের পাশাপাশি জায়নামাজও রয়েছে।


অনুষ্ঠানে জানানো হয়, কারাবন্দিরা দীর্ঘ সময় একাকিত্ব ও হতাশায় ভোগেন। ধর্মীয় ও নৈতিক শিক্ষা তাদের মনে অনুশোচনা তৈরি করতে এবং নিজের ভুল উপলব্ধি করতে সাহায্য করবে। ধর্মীয় বই পাঠের মাধ্যমে বন্দিরা ধৈর্য, ক্ষমা ও দায়িত্ববোধের মতো গুণাবলী অর্জন করতে পারবে, যা ভবিষ্যতে তাদের সৎ পথে ফিরে আসতে উদ্বুদ্ধ করবে।


বই হস্তান্তর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি, কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন এবং উভয় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।


সংশ্লিষ্টরা আশা করছেন, এই উদ্যোগের ফলে কারাগারের ভেতরে সহিংসতা ও বিশৃঙ্খলা কমবে এবং একটি শান্ত ও সুশৃঙ্খল পরিবেশ তৈরি হবে।


ডিবিসি/ এসএফএল

আরও পড়ুন