অপরাধ

কার্নিশে ঝুলে থাকা যুবককে গুলি ও জোড়া হত্যা: ডিএমপির সাবেক কমিশনারসহ ৫ জনের রায় আজ

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

বুধবার ৪ঠা মার্চ ২০২৬ ০৯:০৫:৪৮ পূর্বাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

২০২৪ সালের জুলাই-আগস্টে গণ-অভ্যুত্থান চলাকালে রাজধানীর রামপুরায় ছাদের কার্নিশে ঝুলে থাকা যুবক আমির হোসেনকে গুলি করা এবং দুজনকে হত্যার মামলায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচ আসামির রায় আজ বুধবার ঘোষণা করা হবে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারক প্যানেল এ রায় ঘোষণা করবেন।

 

এ মামলার অন্য আসামিরা হলেন খিলগাঁও জোনের সাবেক অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. রাশেদুল ইসলাম, রামপুরা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমান, সাবেক উপ-পরিদর্শক (এসআই) তরিকুল ইসলাম ভুঁইয়া এবং রামপুরা পুলিশ ফাঁড়ির তৎকালীন এএসআই চঞ্চল চন্দ্র সরকার। তাদের মধ্যে কেবল চঞ্চল চন্দ্র সরকার বর্তমানে গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন।

 

মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই জুমার নামাজ পড়ে ফেরার পথে আমির হোসেন সংঘর্ষের মধ্যে পড়ে একটি নির্মাণাধীন ভবনের চারতলায় আশ্রয় নেন। পুলিশ তাকে ধাওয়া করে সেখানে পৌঁছায় এবং আগ্নেয়াস্ত্র তাক করে নিচে লাফ দিতে বলে। ভয় পেয়ে তিনি লাফ দিয়ে ভবনের রড ধরে কার্নিশে ঝুলে থাকেন। এ সময় তৃতীয় তলা থেকে একজন পুলিশ সদস্য তাকে লক্ষ্য করে ছয়টি গুলি করেন, যা তার দুই পায়ে লাগে। পরে তিনি কোনোরকমে ঝাঁপ দিয়ে তৃতীয় তলায় পড়েন এবং স্থানীয় হাসপাতালে চিকিৎসায় প্রাণে বেঁচে যান।

 

একই দিন রামপুরার বনশ্রী এলাকায় পুলিশের গুলিতে মো. নাদিম নামের এক ব্যক্তি নিহত হন। এছাড়া সাত বছরের শিশু বাসিত খান মুসার মাথা ভেদ করে গুলি লাগলে তার দাদি মায়া ইসলামও নিহত হন।

 

প্রসিকিউশনের দাবি, তৎকালীন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের প্রত্যক্ষ নির্দেশে এসব মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে, যা সাক্ষ্য-প্রমাণ, প্রত্যক্ষদর্শীর জবানবন্দি ও ভিডিও ফুটেজে স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে। গত ২৯ জানুয়ারি রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর মোহাম্মদ মিজানুল ইসলাম ও গাজী এমএইচ তামিম যুক্তিতর্ক শুনানিতে আসামিদের সর্বোচ্চ সাজা দাবি করেন। ৩ ফেব্রুয়ারি উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয় এবং গত ১৫ ফেব্রুয়ারি আদালত রায় ঘোষণার জন্য আজকের দিনটি (৪ মার্চ) ধার্য করেন।

 

এর আগে, ২০২৫ সালের ৩১ জুলাই চিফ প্রসিকিউটরের কার্যালয়ে তদন্ত প্রতিবেদন দাখিল করে তদন্ত সংস্থা। এরপর ৭ আগস্ট রাষ্ট্রপক্ষ আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে এবং একই বছরের ১৮ সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে এই মামলার আনুষ্ঠানিক বিচারকাজ শুরু হয়েছিল।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন