ডেনমার্কের এক বিখ্যাত নোবেলজয়ী বিজ্ঞানী হলেন নিলস বোর। তিনি মূলত একজন বিশ্ববিখ্যাত তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী ছিলেন। তাঁর পুরো নাম নিলস হেনরিক ডেভিড বোর।
পরমাণুর গঠন এবং কোয়ান্টাম বলবিদ্যার ওপর বিশেষ গবেষণা ও অবদানের জন্য তিনি ১৯২২ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন। তবে গবেষণার পাশাপাশি তিনি একসময় গোলরক্ষক হিসেবে ফুটবল মাঠ দাপিয়ে বেড়াতেন। ১৯০৫ সালের দিকে তিনি ডেনমার্কের বিখ্যাত 'এবি' ক্লাবের গোলরক্ষক হিসেবে খেলতেন। তবে তিনি কোনো পেশাদার ফুটবল খেলোয়াড় ছিলেন না।
একবার এক ম্যাচে বল মাঠের অন্য প্রান্তে থাকায় বোর গোলপোস্টের কাঠের গায়েই দাগ কেটে গণিতের সমীকরণ মেলাতে বসে গেলেন। হঠাৎ বিপক্ষ দলের আক্রমণ ধেয়ে এলেও অঙ্কে মগ্ন বোরের কোনো খেয়াল ছিল না। শেষ মুহূর্তে দর্শকের চিৎকারে তাঁর ঘোর কাটে এবং তড়িঘড়ি করে তিনি গোলটি বাঁচান।
জার্মানির একটি ক্লাবের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন এই ঘটনাটি ঘটেছিল। খেলা চলাকালীন হুট করে মাথায় গণিত বা পদার্থবিজ্ঞানের একটি জটিল সমস্যা চলে আসায় বোর গোলপোস্টে হিজিবিজি কেটে হিসাব করতে শুরু করেন। ঠিক সেই মুহূর্তে বল তাঁর গোলপোস্টের দিকে চলে এলেও তিনি খেয়াল করেননি। পরবর্তীতে এক দর্শকের জোরালো চিৎকারেই তাঁর ঘোর কেটেছিল। তিনি ৭ অক্টোবর ১৮৮৫ সালে জন্মগ্রহণ করেন এবং ১৮ নভেম্বর ১৯৬২ সালে মারা যান।
কোয়ান্টাম মেকানিক্স নিয়ে তাঁর একটি বিখ্যাত উক্তি: "Anyone who is not shocked by quantum theory has not understood it." (অর্থাৎ, কোয়ান্টাম তত্ত্ব শুনে যার মনে ধাক্কা লাগেনি, সে আসলে এই তত্ত্বটি বুঝতেই পারেনি।)
লেখক: সিরাজুর রহমান
শিক্ষক ও লেখক (বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক), বাংলাদেশ
ডিবিসি/আরএসএল