রাজনীতি

কাল দ্বিতীয় দফায় নির্বাচনি সফরে উত্তরবঙ্গ যাচ্ছেন তারেক রহমান

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে দ্বিতীয় দফায় উত্তরাঞ্চল সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আগামীকাল শনিবার (৭ ফেব্রুয়ারি) তিনি হেলিকপ্টারযোগে ঠাকুরগাঁও, নীলফামারী এবং দিনাজপুরের বিরামপুরে তিনটি বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এই সফরের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

তারেক রহমানের এই সফর শুরু হবে শনিবার বেলা সাড়ে ১১টায় ঠাকুরগাঁওয়ের জনসভার মধ্য দিয়ে, যেখানে তিনি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে ভোট চাইবেন।

 

এরপর দুপুর দেড়টায় নীলফামারী-২ আসনের প্রার্থী শাহরিন ইসলাম তুহিনের সমর্থনে এবং সবশেষে দুপুর আড়াইটায় দিনাজপুরের বিরামপুরে দলটির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেনের নির্বাচনী জনসভায় যোগ দেবেন তিনি।

 

দিনাজপুর সফরকালে তারেক রহমানের একটি আবেগঘন কর্মসূচি রয়েছে। তিনি দিনাজপুর শহরের শেখ ফরিদপুর কবরস্থানে তাঁর নানা ইস্কান্দার মজুমদার, নানি তৈয়বা মজুমদার এবং খালা সাবেক মন্ত্রী খুরশীদ জাহান হকের কবর জিয়ারত করবেন। এর আগে জানুয়ারি মাসের শেষ দিকে রাজশাহী, রংপুর, বগুড়া, নঁওগায় নির্বাচনি সফরে যান তারেক রহমান।

 

এদিকে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজধানী ঢাকায় আগামী রবিবারের জনসভার কর্মসূচি বাতিল করেছে বিএনপি। শুক্রবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

 

সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী বলেন, গতকাল আমরা একটি কর্মসূচি ঘোষণা করেছিলাম। পরবর্তীতে নেতাদের সভায় আলাপ-আলোচনা করে ৮ তারিখের সমাবেশ বাতিল করেছি। পূর্বনির্ধারিত সমাবেশের পরিবর্তে তারেক রহমান আগামী ৮ ও ৯ ফেব্রুয়ারি ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন।

 

ডিবিসি/কেএলডি

আরও পড়ুন