ক্রিকেট

পাকিস্তান সফরে যাচ্ছে অনূর্ধ্ব ১৭ দল

মুহাম্মদ খালেদ হাসান

ডিবিসি নিউজ

সোমবার ২১শে অক্টোবর ২০১৯ ০৪:১০:৩৬ পূর্বাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নানা রকম জলঘোলার মধ্যেই বাংলাদেশের বয়সভিত্তিক ক্রিকেট দল কাল যাচ্ছে পাকিস্তান সফরে। বাংলাদেশের পর্যবেক্ষক দল, যারা এখনও পাকিস্তানেই আছেন; মুলত তাদের সবুজ সংকেতেই অনুর্ধ্ব ১৭ দল ধরছে পাকিস্তানের বিমান।

বয়সভিত্তিক দল অনূর্ধ্ব ১৭র অধিনায়ক নাইম আহমেদ জীবনের প্রথম বিদেশ সফরের অপেক্ষায় আন্দোলিত। তবে দেশটা পাকিস্তান হওয়াতেই শুধু বাড়তি ভাবনা তার।

টাইগার ক্রিকেটের তারকা হওয়ার স্বপ্ন চোখেমুখে দলের খেলোয়াড়দের। তাইতো ক্ষুদে ক্রিকেটারদের মনে ভয় নেই, তাড়না ভাল করার।

সাম্প্রতিক পাকিস্তান সফর করেছে টিম শ্রীলঙ্কা। এরআগে খেলে এসেছে ওয়েস্ট ইন্ডিজও। সাকিব-তামিমদের সফর নিয়ে এখনও কিছু জানায়নি বিসিবি। তবে পাকিস্তানে থাকা বাংলাদেশের নিরাপত্তা পর্যবেক্ষক দল বয়সভিত্তিক এই দলটাকে পাঠাতে দিয়েছে সবুজ সংকেত। তাই সোমবার রাতেই পাকিস্তান সফরের বিমান ধরছে অনূর্ধ্ব ১৭ দল।

পাকিস্তান সফরকে সামনে রেখে গত কয়েক দিন থেকে জোর প্রস্তুতি চলছে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের একাডেমী মাঠে। আজও অনুশীলন করেছেন কিশোররা। তবে দুপুরের পর থেকেই চলছে ব্যাগ গোছানো পর্ব। দলের সঙ্গে প্রধান কোচ হিসেবে যাচ্ছেন মিজানুর রহমান বাবুল। তার সহকারী হিসেবে থাকবেন জাতীয় দলের সাবেক ওপেনার মেহরাব হোসেন অপি।

পাকিস্তানে দুইটি তিন দিনের টেস্ট ম্যাচ ও তিনটি একদিনের ম্যাচ খেলার কথা রয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দলের। পাকিস্তানে পৌঁছে দেশটির কন্ডিশনে মানিয়ে নেয়ার জন্য দুই দিন সময় পাবে বাংলাদেশের যুবারা। তিন দিনের ম্যাচ দিয়ে শুরু হবে এ সিরিজ। প্রথম ম্যাচটি শুরু হবে ২৫ অক্টোবর থেকে। ৩০ অক্টোবর থেকে দ্বিতীয় ম্যাচ। ওয়ানডে ম্যাচ তিনটি হবে ৪, ৬ ও ৮ নভেম্বর। 

সব ঠিক থাকলে নারী দলও যাচ্ছে ২৩ অক্টোবর। তবে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করেই দলগুলো দেশে নিচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

আরও পড়ুন