২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে কাল মাঠে নামবেন মেসি-মার্টিনেজরা। ইতোমধ্যেই গুরুত্বপূর্ণ ম্যাচটিকে সামনে রেখে দলগত অনুশীলন সম্পন্ন করেছে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
শুক্রবার (৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় ভোর ৬টায় বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামবেন মেসিরা। আর্জেন্টিনার মাঠ বুয়েনস আইরেসের স্তাদিও মনুমেন্তালে অনুষ্ঠিত হবে ম্যাচটি।
আর্জেন্টিনায় ম্যাচটি সরাসরি দেখাবে দেশটির টেলিভিশন পাবলিকাতে। ইকুয়েডরে দেখাবে টিওয়াইসি স্পোর্টস ইন্টারন্যাশনাল। বাংলাদেশ বা ভারতের কোনো চ্যানেলে সরাসরি না দেখালেও লাইভ স্ট্রিম অ্যাপ ডিএজেডএনতে সরাসরি দেখা যাবে। এছাড়া ইউটিউবের বিভিন্ন চ্যানেলেও দেখা যাবে।
দুর্দান্ত ছন্দে থাকা মেসিকে ঘিরেই ইকুয়েডরকে হারানোর পরিকল্পনা সাজিয়েছেন দলটির কোচ লিওনেল স্কালোনি। বিশ্বকাপজয়ী মেসি ছাড়াও এদিন আর্জেন্টিনার জার্সিতে শুরুর একাদশে সম্ভাব্য সেরা তারকাদেরই নামাবেন স্কালোনি। মার্টিনেজ, ম্যাক অ্যালিস্টার, ওটামেন্ডি, রদ্রিগো ডি পলের মতো তারকা ফুটবলাররা শুরু থেকেই ইকুয়েডরের বিপক্ষে লড়বেন বলে ধারণা করা হচ্ছে।
বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে মাঠে নামার আগে জুনে দু’টি প্রীতি ম্যাচে মাঠে নেমেছিল তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা। যেখানে ইন্দোনেশিয়া ও অস্ট্রেলিয়াকে ২-০ ব্যবধানে হারায় আর্জেন্টিনা।
আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ:
এমিলিয়ানো মার্টিনেজ, নাহুয়েল মলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওটামেন্ডি, নিকোলাস তালিয়াফিকো, রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, নিকোলাস গনজালেজ; লিওনেল মেসি এবং লাউতারো মার্টিনেজ বা জুলিয়ান আলভারেজ।
ডিবিস/আরপিকে