বাংলাদেশ

কাল যশোরের শার্শায় যাচ্ছেন প্রধানমন্ত্রী, এলাকায় উৎসবের আমেজ

যশাের প্রতিনিধি

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

যশোরের শার্শা উপজেলার উলাশীতে এখন বইছে উৎসবের আমেজ। দীর্ঘ প্রতীক্ষার পর আগামীকাল সোমবার (২৭ এপ্রিল) প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে গোটা এলাকা উৎসবে মুখরিত হয়ে উঠেছে। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর উলাশী-যদুনাথপুর খালের পুনঃখনন কর্মসূচি উদ্বোধন করতেই তাঁর এই সফর। এই প্রকল্পটিকে কেন্দ্র করে স্থানীয় জনমনে বিপুল উদ্দীপনা বিরাজ করছে।

১৯৭৬ সালের ১ নভেম্বর তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজে কোদাল চালিয়ে এই খালের খনন কাজ উদ্বোধন করেছিলেন, যা দেশব্যাপী ‘জিয়া খাল’ নামে সমধিক পরিচিত। প্রায় অর্ধশতাব্দী পর তাঁরই উত্তরসূরি প্রধানমন্ত্রী তারেক রহমান একই খালের পুনর্জাগরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। 

 

এই ঐতিহাসিক যোগসূত্রকে ঘিরে যশোর-বেনাপোল মহাসড়ক থেকে উলাশী খালপাড় পর্যন্ত দীর্ঘ পথে এখন সাজ সজ্জার ধুম পড়েছে। রাস্তার দুই পাশে উড়ছে দলীয় পতাকা, নির্মিত হয়েছে দৃষ্টিনন্দন তোরণ এবং দেয়ালে দেয়ালে চলছে শেষ মুহূর্তের রং-তুলির আঁচড়।

 

প্রধানমন্ত্রীর এই গুরুত্বপূর্ণ সফর সফল করতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। এসএসএফ ইতোমধ্যে সভাস্থল ও সংলগ্ন এলাকা পরিদর্শন করে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করেছে। প্রস্তুতির তদারকিতে ব্যস্ত সময় পার করছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী আল ফরহাদ হোসেন আজাদ, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিববৃন্দ। 

 

স্থানীয় সংসদ সদস্য মাওলানা আজিজুর রহমানসহ জেলা ও উপজেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা প্রতিনিয়ত মাঠ পর্যায়ে প্রস্তুতির তদারকি করছে রাজনৈতিক অঙ্গনেও ব্যস্ততা তুঙ্গে; জেলা ও উপজেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ ঐতিহাসিক এই মুহূর্তটিকে স্মরণীয় করে রাখতে তৃণমূল কর্মীদের সঙ্গে নিয়ে দিনরাত কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর এই সফরের মধ্য দিয়ে উলাশীর কৃষি ও সেচ ব্যবস্থায় নতুন প্রাণের সঞ্চার হবে বলে আশা করছেন স্থানীয় বাসিন্দারা।

 

ডিবিসি/টিবিএ

আরও পড়ুন