বাংলাদেশ, জেলার সংবাদ

কাশিমপুর কারাগার থেকে নারী বন্দি পালানোর ঘটনায় ৭ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত

গাজীপু‌র প্রতিনিধি

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে এক নারী বন্দি পালানোর ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে দুই মেট্রন ও পাঁচ নারী কারারক্ষীসহ মোট সাতজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সহকারী কারা মহাপরিদর্শক (এআইজি) মো. জান্নাতুল ফরহাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

 

সাময়িক বরখাস্তকৃতরা হলেন- মেট্রন লায়লা আনজুমান সুমি, মেরিনা ও রেহেনা এবং নারী কারারক্ষী শায়লা, শারমিন, জেমি ও আসমা। এআইজি মো. জান্নাতুল ফরহাদ জানান, রিপোর্টের ভিত্তিতে দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়ায় তাদের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

 

কারাগার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সন্ধ্যায় প্রায় ৪০ জন নারী বন্দিকে দিয়ে কারাগারের ভেতরে ইট বহনের কাজ করানো হচ্ছিল। এ সময় দায়িত্বে থাকা মেট্রনের তদারকির ঘাটতির সুযোগ নিয়ে রিম্পা (২১) নামের ওই বন্দি কারাগারের অফিস ভবনের পাশের দেয়ালের কার্নিশ বেয়ে সীমানা প্রাচীর টপকে পালিয়ে যান। মেহেরপুরের গাংনী উপজেলার রায়পুর এলাকার মো. হাসানের মেয়ে রিম্পা ঢাকার ধানমন্ডি থানার একটি সিআর মামলায় তিন মাসের সাজাপ্রাপ্ত হয়ে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে বন্দি ছিলেন।

 

ঘটনার পরপরই কারা কর্তৃপক্ষ পুরো কারাগারে তল্লাশি চালিয়েও তার কোনো সন্ধান পায়নি। পরে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে তার পালানোর বিষয়টি নিশ্চিত হওয়া যায়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে এআইজি মো. জান্নাতুল ফরহাদ আরও বলেন, পলাতক বন্দিকে দ্রুত গ্রেপ্তারে পুলিশের পাশাপাশি সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালাচ্ছে। এ ছাড়া কঠোর নিরাপত্তার মধ্যেও কীভাবে একজন বন্দি পালাতে সক্ষম হলেন, তা খতিয়ে দেখতে তদন্ত চলমান রয়েছে।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন