জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলায় চলমান সন্ত্রাসবিরোধী অভিযানের সময় খাড়া পাহাড় থেকে পা পিছলে গভীর খাদে পড়ে এক সেনা কর্মকর্তার মৃত্যু হয়েছে। শনিবার (৬ জুন) সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে। নিহত কর্মকর্তার নাম লেফটেন্যান্ট বীরেশ্বর গোস্বামী। তিনি 'অপারেশন শেরাওয়ালি' নামক একটি তল্লাশি ও ধ্বংস অভিযানের অংশ ছিলেন, যা শনিবার ১৬তম দিনে পদার্পণ করেছে।
কর্মকর্তারা জানিয়েছেন, লেফটেন্যান্ট বীরেশ্বর গোস্বামী একটি সরু পাহাড়ি পথে তল্লাশি দলের নেতৃত্ব দিচ্ছিলেন। এ সময় হঠাৎ পা পিছলে তিনি গভীর খাদে পড়ে যান। তার দলের সদস্যরা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধারের চেষ্টা চালালেও দুর্ভাগ্যবশত তার মৃত্যু হয়। দুর্গম ভূখণ্ড, খাড়া পাহাড় এবং প্রতিকূল আবহাওয়ার মধ্যে চরম সাহসিকতার সাথে দায়িত্ব পালন করতে গিয়ে তিনি প্রাণ হারান।
এই অকাল মৃত্যুতে হোয়াইট নাইট কর্পস গভীর শোক প্রকাশ করেছে। হোয়াইট নাইট কর্পসের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) লেফটেন্যান্ট জেনারেল পি কে মিশ্র এবং সব স্তরের সেনা সদস্যরা নিহত কর্মকর্তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। সামাজিক মাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় তারা জানান, দেশমাতৃকার সেবায় এই সেনা কর্মকর্তার আত্মত্যাগ সেনাবাহিনীর জন্য চিরকাল অনুপ্রেরণা হয়ে থাকবে। রবিবার সকাল পৌনে ১০টায় তার মরদেহ জম্মুর বিমানবাহিনী স্টেশনে আনা হবে, যেখানে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে তাকে শেষ শ্রদ্ধা জানানো হবে।
রাজৌরির ডোরিমাল-গাম্ভীর মুঘলান বেল্টের ঘন জঙ্গলে লুকিয়ে থাকা দুই থেকে তিন জন পাকিস্তানি সন্ত্রাসীকে খুঁজে বের করতে গত মে মাসের শেষের দিকে 'অপারেশন শেরাওয়ালি' শুরু হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা গেছে, এই দুর্গম পাহাড়ি এলাকায় 'ফৌজি' ছদ্মনামের এক শীর্ষ কমান্ডারসহ কয়েকজন সন্ত্রাসী অবস্থান করছে। তাদের নিষ্ক্রিয় করতে গত দুই সপ্তাহের বেশি সময় ধরে সেনাবাহিনী এবং আধাসামরিক বাহিনী যৌথভাবে অভিযান চালাচ্ছে। বৈরী আবহাওয়া ও দুর্গম পথ উপেক্ষা করে ড্রোন এবং স্নিফার ডগের সাহায্যে পুরো এলাকা ঘিরে রেখে জঙ্গিদের ধরতে ব্যাপক তল্লাশি অব্যাহত রয়েছে।
সূত্র: এনডিটিভি
ডিবিসি/পিআরএএন