২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোতে নরওয়ের কাছে হেরে বিদায় নেওয়ার পর ব্রাজিল জাতীয় দল থেকে অবসরের সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন নেইমার। দীর্ঘ ষোল বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনে ৩৪ বছর বয়সী এই তারকা ফরোয়ার্ড জানান, সেলেসাওদের হয়ে তিনি নিজের সেরাটা দিয়েছেন এবং এ নিয়ে তার মনে কোনো আক্ষেপ নেই।
সান্তোসের হয়ে ইউনিভার্সিডাদ সেন্ট্রালের বিপক্ষে ৪-২ ব্যবধানে জয়ের পর নিজের ভবিষ্যৎ নিয়ে কথা বলেন ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা। তিনি স্পষ্ট জানিয়ে দেন যে জাতীয় দলের সঙ্গে তার অধ্যায় এখানেই শেষ। হলুদ জার্সির জন্য রক্ত ও জীবন দিয়েছেন উল্লেখ করে তিনি বলেন, দলটির জন্য তিনি সবসময় লড়াই করেছেন, তবে এখন আর চালিয়ে যাওয়ার ইচ্ছে তার নেই।
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপের ম্যাচ শেষে অশ্রুসিক্ত নয়নে মাঠ ছেড়েছিলেন তিনি। শেষ মুহূর্তে পেনাল্টি থেকে গোল করলেও দলের পরাজয় এড়াতে পারেননি এই ব্রাজিলীয় আইকন।
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর পাশাপাশি ক্লাব ফুটবলে নিজের সাম্প্রতিক আচরণ নিয়ে ওঠা বিতর্কের কড়া জবাব দিয়েছেন নেইমার। চ্যাপেকোয়েন্সের বিরুদ্ধে ২-২ গোলে ড্রয়ের পর তরুণ সতীর্থ গাব্রিয়েল বনটেম্পো ও জোয়াও অ্যানানিয়াসকে কটূক্তি করার খবর রটেছিল। এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে সান্তোস অধিনায়ক বলেন, দলের অধিনায়ক হিসেবে পারফরম্যান্স নিয়ে তিনি কড়া বার্তা দিয়েছিলেন এবং সেটি তার অধিকারের মধ্যেই পড়ে।
সূত্র: ইয়াহু স্পোর্টস