বাংলাদেশ, জেলার সংবাদ

কিশোরকে বাঁচাতে পারল না ওঝা, হাসপাতালে নেয়ার পথেই মৃত্যু

ফরিদপুর প্রতিনিধি

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ফরিদপুরের বোয়ালমারীতে বিষাক্ত সাপের কামড়ে মো. রাফসান শেখ (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। সময়মতো হাসপাতালে না নিয়ে ওঝা দিয়ে ঝাড়ফুঁক করে সুস্থ করার চেষ্টার কারণেই তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

শনিবার (২৭ জুন) দিবাগত রাতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। রাফসান শেখ উপজেলার গুণবহা ইউনিয়নের অমৃতনগর চরপাড়া গ্রামের মো. লিটন শেখের ছেলে।

 

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাত ৯টার দিকে রাফসান শেখ প্রকৃতির ডাকে সাড়া দিতে বাথরুমে যায়। সেখান থেকে ফেরার পথে তাকে বিষাক্ত সাপে দংশন করে। পরে পরিবারের লোকজন পার্শ্ববর্তী ঘোষপুর ইউনিয়নের গোয়াইলবাড়ি এলাকার আক্কাস শেখ ও কানু মিনা নামের দুই ওঝাকে এনে ঝাড়ফুঁক করে ভালো করার চেষ্টা করেন। রাত চারটার দিকে অবস্থার অবনতি হলে প্রথমে তাকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ভোররাতের দিকে তার মৃত্যু হয়।

 

স্থানীয় ইউপি সদস্য এনায়েত হোসেন বলেন, গত পনেরো দিন আগেও রাফসান শেখকে তাদের পুকুরপাড়ে সাপে কামড় দিয়েছিল। তখন ওঝা আক্কাস শেখ ও কানু মিনাকে এনে ঝাড়ফুঁকের পর সে সুস্থ হয়। শনিবার রাতে পুনরায় তাকে সাপে কামড় দিলে ওই ওঝাদের দিয়ে ঝাড়ফুঁক করে সুস্থ করার চেষ্টা করা হয়। একপর্যায়ে ভোররাতের দিকে তার মৃত্যু হয়।

 

বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. কে এম মাহমুদ রহমান বলেন, রাত চারটার দিকে ওই কিশোরকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে আনা হয়। তখন ডা. সুমন রায় দায়িত্বে ছিলেন। তিনি রোগীর অবস্থা দেখে সাপে কাটা রোগীর জন্য অ্যান্টিভেনম প্রয়োগের বিস্তারিত তুলে ধরেন। কিন্তু রোগীর পরিবার অ্যান্টিভেনম দিতে রাজি না হওয়ায়, তাদের সম্মতিতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। পরবর্তীতে হাসপাতালে নেওয়ার পথে ভোররাতের দিকে তার মৃত্যু হয়েছে বলে জানতে পেরেছি।

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন