বাংলাদেশ, জেলার সংবাদ

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পাগলা কুকুরের কামড়ে আহত ৫০

কিশোরগঞ্জ প্রতিনিধি

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় একটি পাগলা কুকুরের কামড়ে অন্তত ৫০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পাকুন্দিয়া পৌর সদর বাজার ও সংলগ্ন সৈয়দগাঁও এলাকায় এই আতঙ্কজনক ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, হঠাৎ একটি কুকুর বাজারে ঢুকে দিগ্বিদিক ছোটাছুটি শুরু করে এবং সামনে যাকে পায় তাকেই কামড়াতে থাকে। মুহূর্তের মধ্যে বাজারজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং লোকজন প্রাণভয়ে ছুটতে শুরু করেন। বাজার এলাকার রেশ কাটতে না কাটতেই কুকুরটি পার্শ্ববর্তী সৈয়দগাঁও এলাকায় গিয়েও বেশ কয়েকজনকে কামড়ে জখম করে।

 

আহতদের দ্রুত উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকায় দীর্ঘদিন ধরেই বেওয়ারিশ কুকুরের উপদ্রব চললেও প্রতিকারের কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, যার ফলে আজ এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়েছে।

 

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুপম দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসন সক্রিয়ভাবে কাজ করছে। আক্রান্তদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করা হয়েছে এবং জনমনে আতঙ্ক দূর করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন