কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সিএনজিচালিত অটোরিকশার চাপায় মোটরসাইকেল আরোহী এক সৌদি প্রবাসী নিহত হয়েছেন। আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মির্জাপুর-মঠখোলা সড়কের মির্জাপুর শ্মশানঘাটসংলগ্ন এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওই প্রবাসীর নাম রুবেল মিয়া (২৬)। তিনি উপজেলার চরফরাদী ইউনিয়নের কাহেৎধান্দুল গ্রামের খুরশিদ মিয়ার ছেলে। রুবেল মিয়া সৌদি আরবে কর্মরত ছিলেন এবং প্রায় দেড় মাস আগে তিনি ছুটিতে দেশে এসেছিলেন।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, আজ দুপুরে রুবেল মিয়া তার এক প্রবাসী বন্ধুকে নিয়ে মোটরসাইকেলে করে বাহাদিয়া এলাকা থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে মির্জাপুর শ্মশানঘাট এলাকায় পৌঁছালে অপর একটি মোটরসাইকেলকে পাশ কাটাতে গিয়ে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর পড়ে যান। ঠিক সে সময় দ্রুতগতির একটি সিএনজিচালিত অটোরিকশা তাকে চাপা দিয়ে চলে যায়।
দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন রুবেল মিয়াকে উদ্ধার করেন। তাকে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার উদ্দেশ্যে রওনা হলে পথিমধ্যেই তার মৃত্যু হয়।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান দুর্ঘটনায় ওই প্রবাসীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং এ দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
ডিবিসি/টিবিএ