জেলার সংবাদ

কিশোরগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে আ.লীগ-বিএনপির সংঘর্ষ, আহত ৩০

কিশোরগঞ্জ প্রতিনিধি

ডিবিসি নিউজ

সোমবার ২৩শে মার্চ ২০২৬ ০৬:২০:৩৮ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় পূর্বশত্রুতা ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে এক সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন।  সোমবার (২৩ মার্চ) সকালে উপজেলার কেওয়ারজোড় ইউনিয়নের হেমন্তগঞ্জ লাউকুড়ার মাঠে এ সংঘর্ষের ঘটনা ঘটে। উভয় পক্ষের গুরুতর আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আবুল কাশেমের সঙ্গে বিএনপি নেতা নজির মিয়া ও সজিব আহমেদের দীর্ঘদিনের বিরোধ চলে আসছিল। এ পুরনো শত্রুতার জেরে সোমবার সকালে নজির ও সজিব পক্ষের দুই সমর্থক পায়েল ও হান্নানকে মারধরের ঘটনা ঘটে। 

 

মারধরের খবর ছড়িয়ে পড়লে উভয় পক্ষের লোকজনের মধ্যে চরম উত্তেজনা দেখা দেয় এবং একপর্যায়ে তা বড় ধরনের সংঘর্ষে রূপ নেয়। এতে অন্তত ৩০ জন আহত হন। গুরুতর আহত দুজনকে ঢাকায় পাঠানোর পাশাপাশি অন্যদের মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

 

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় কাটখাল পুলিশ ফাঁড়ি ও মিঠামইন থানা পুলিশের একটি দল। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে। এ বিষয়ে মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, খবর পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং বর্তমানে এলাকার পরিবেশ সম্পূর্ণ শান্ত রয়েছে।

 

ডিবিসি/এএমটি

আরও পড়ুন