বাংলাদেশ, রাজনীতি

কিশোরগঞ্জে এনসিপির পথসভায় পাটোয়ারী-সারজিসের কড়া হুঁশিয়ারি

কিশোরগঞ্জ প্রতিনিধি

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ শীর্ষক পথসভায় বর্তমান সরকার ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছেন দলটির শীর্ষ নেতারা। সোমবার (২৭ জুলাই) বিকেলে অনুষ্ঠিত এ পথসভায় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বক্তব্য রাখেন।

পথসভায় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী অভিযোগ করে বলেন, ফজলুর রহমান আওয়ামী সন্ত্রাসী গোষ্ঠীর মুখপাত্র হিসেবে কাজ করছেন। এ কারণে তাকে অবিলম্বে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার জন্য তিনি সরকারের প্রতি আহ্বান জানান। এছাড়া, শেখ হাসিনার দেশে ফেরার আর কোনো সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।

 

মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত অবস্থানকে স্বাগত জানিয়ে এনসিপির এই নেতা বলেন, কার্যকর পদক্ষেপ হিসেবে সর্বপ্রথমে সংসদ সদস্যদের ডোপ টেস্ট করা উচিত। এর মাধ্যমে দেশের যুবসমাজ মাদকের ভয়াল থাবা থেকে মুক্তি পাবে বলে তিনি দাবি করেন।

 

পাশাপাশি ভারতের সঙ্গে কোনো ধরনের চুক্তি না করার আহ্বান জানিয়ে তিনি সরকারকে সতর্ক করেন। নাসিরুদ্দিন পাটোয়ারী বলেন, জনগণের মতের বিরুদ্ধে গিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হলে এদেশের মানুষ তা মেনে নেবে না। তেমন কিছু হলে শেখ হাসিনার মতো বর্তমান সরকারকেও পালিয়ে যেতে হবে।

 

একই পথসভায় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী গণভোটকে অসাংবিধানিক আখ্যা দিয়েছেন। কিন্তু গণভোটকে অবৈধ বলা হলে সংসদ ও প্রধানমন্ত্রীর বৈধতা নিয়েও প্রশ্ন ওঠে।’

 

তিনি আরও অভিযোগ করেন, আওয়ামী লীগের মতো বিএনপিও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয় প্রতিষ্ঠানে পরিণত করার চেষ্টা করছে। সরকার যদি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করে এবং জনগণ এর বিরুদ্ধে নীরব থাকে, তাহলে সরকার স্বৈরাচারের পথে এগিয়ে যাবে বলেও মন্তব্য করেন তিনি।

 

উল্লেখ্য, 'দেশ গড়তে জুলাই জাগরণ' কর্মসূচির অংশ হিসেবে তাড়াইলের পথসভা শেষে করিমগঞ্জ উপজেলায় এবং পরে সন্ধ্যায় কিশোরগঞ্জ সদর উপজেলায়ও পথসভা অনুষ্ঠিত হয়। এসব কর্মসূচিতে এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা অংশ নেন।

 

ডিবিসি/এমএনকে
 

আরও পড়ুন