বাংলাদেশ, জেলার সংবাদ

কিশোরগঞ্জে কাজ না করেই ঠিকাদারের বিল উত্তোলনের অভিযোগ

কিশোরগঞ্জ প্রতিনিধি

ডিবিসি নিউজ

সোমবার ২৪শে নভেম্বর ২০২৫ ১২:১০:৫৭ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় গ্রামীণ অবকাঠামো উন্নয়নের বিভিন্ন প্রকল্পে কাজ না করে বা আংশিক কাজ করে সরকারি অর্থ আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে।

সরেজমিন অনুসন্ধানে দেখা যায়, তাড়াইল-সাচাইল ইউনিয়নের ঠাকুরপাড়া এলাকায় রেনু মিয়ার বাড়ির রাস্তায় আগে থেকেই সিসি ঢালাই ও ইটের সলিং থাকা সত্ত্বেও নতুন প্রকল্প দেখিয়ে ২ লাখ টাকা তুলে নেয়া হয়েছে। পুরনো ইট তুলেই আবার বসানো হয়েছে। প্রকল্প কমিটির সভাপতি ও নারী ইউপি সদস্য মোছাম্মৎ জাহানারা টাকা ভাগবাটোয়ারার কথা স্বীকার করেছেন।

 

একইভাবে রাউতি ইউনিয়ন পরিষদের সড়কে ইটের সলিং থাকা সত্ত্বেও পৌনে ৪ লাখ টাকার নতুন প্রকল্প নেয়া হয়েছে। আবার পাইকপাড়া মেইনরোড এলাকায় একই স্থানে ভিন্ন নামে দুটি প্রকল্প দেখিয়ে অর্থ আত্মসাৎ করা হয়েছে। দামিহা ইউনিয়নে মাটির রাস্তা উন্নয়নে ১৫ লাখ টাকা বরাদ্দ থাকলেও নামমাত্র কাজ করে পুরো টাকা তুলে নেয়ার অভিযোগ উঠেছে।

 

যদিও উপসহকারী প্রকৌশলী সাদেক হোসাইন এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটু দাবি করেছেন প্রতিটি কাজ স্বচ্ছতার সাথে হয়েছে।

তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ জিসান আলী এবং জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ বদরুদ্দোজা অনিয়মের তদন্ত করে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন। স্থানীয়রা শুধু আশ্বাস নয়, দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

 

ডিবিসি/ এইচএপি 

আরও পড়ুন