কিশোরগঞ্জের বাজিতপুরে বাড়ির পাশে খেলতে গিয়ে খালের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৫ জুলাই) দুপুর ১টার দিকে বাজিতপুর পৌরসভার মীরারবন্দ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো- মীরারবন্দ গ্রামের সুজন মিয়ার ৫ বছর বয়সী ছেলে মো. তাসিন এবং একই এলাকার শাওন মিয়ার ৫ বছর বয়সী মেয়ে জান্নাতুল মাওয়া।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে তাসিন ও মাওয়া বাড়ির পাশে খেলছিল। খেলার একপর্যায়ে তারা দুজনই পাশের খালে পড়ে যায়। দীর্ঘ সময় বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্বজনরা খালে নেমে তাদের সন্ধান চালান। একপর্যায়ে খাল থেকে তাসিন ও মাওয়ার মরদেহ উদ্ধার করা হয়।
বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহীদুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
ডিবিসি/ এইচএপি