বাংলাদেশ, জেলার সংবাদ

কিশোরগঞ্জে খাল খনন নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

কিশোরগঞ্জ প্রতিনিধি

ডিবিসি নিউজ

সোমবার ২৩শে মার্চ ২০২৬ ০৫:০৬:১৭ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় একটি খাল খনন কর্মসূচিকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (২৩ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের দক্ষিণ খামা গ্রামে এই উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, এই ঘটনায় কয়েকজন আহত হয়েছেন।

ঘটনার বিবরণে জানা যায়, যুবদলের সাবেক কেন্দ্রীয় নেতা খন্দকার আল আশরাফ মামুনের উদ্যোগে সকালে গোলডুবা-খামা সংযোগ খাল খননের একটি স্বেচ্ছাশ্রম কর্মসূচি শুরু হয়। অভিযোগ উঠেছে, খননকাজ চলাকালে ইউনিয়ন বিএনপির একটি পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে কাজে বাধা প্রদান করে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়, যা পুরো এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে দেয়।

 

খবর পেয়ে পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপম দাস এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন। ইউএনও রূপম দাস জানিয়েছেন, বর্তমানে পরিস্থিতি প্রশাসনের নিয়ন্ত্রণে রয়েছে এবং খাল খনন কর্মসূচিটি পুনরায় চালু করা হয়েছে। এলাকায় অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশি নজরদারি জোরদার করা হয়েছে।

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন