কিশোরগঞ্জের কুলিয়ারচরে চলন্ত আন্তঃনগর বিজয় এক্সপ্রেস ট্রেনের একটি শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) বগি থেকে মোটর খুলে নিয়ে পালানোর সময় দুই ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে কুলিয়ারচর উপজেলার খড়কমারা এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজনের সহায়তায় ট্রেনের নিরাপত্তাকর্মীরা তাদের আটক করেন।
আটক ব্যক্তিরা হলেন ভৈরব নিউটাউন এলাকার মৃত মানিক মিয়ার ছেলে মো. দুলাল মিয়া (২৫) এবং একই এলাকার মো. বাবু মিয়ার ছেলে মো. আরিফ (১৬)।
রেলওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে চট্টগ্রাম থেকে ময়মনসিংহ হয়ে জামালপুরগামী আন্তঃনগর বিজয় এক্সপ্রেস ট্রেনটি ভৈরব স্টেশন অতিক্রম করে কুলিয়ারচরের দিকে যাচ্ছিল। এ সময় ট্রেনের একটি এসি বগির মোটর খুলে ফেলেন ওই দুই ব্যক্তি। পরে চুরি করা মোটর নিয়ে চলন্ত ট্রেন থেকে নেমে পালানোর চেষ্টা করেন তারা।
বিষয়টি কয়েকজন যাত্রীর নজরে এলে তারা তাৎক্ষণিকভাবে ট্রেনের স্টাফদের জানান। এরপর জরুরি ভিত্তিতে কুলিয়ারচর স্টেশনে পৌঁছানোর আগেই খড়কমারা এলাকায় ট্রেনটি থামানো হয়। এ সময় স্থানীয় লোকজনের সহায়তায় ধাওয়া করে চুরি হওয়া এসির মোটরসহ তাঁদের আটক করা হয়।
প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, আটক দুজন ভৈরব রেলওয়ে স্টেশন থেকেই চুরির উদ্দেশ্যে এসির মোটর খোলার প্রয়োজনীয় যন্ত্রপাতি নিয়ে ট্রেনে উঠেছিলেন। আটকের পর স্থানীয় কিছু বিক্ষুব্ধ জনতা তাদের মারধর করেন। পরে ট্রেনের নিরাপত্তাকর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে তাদের হেফাজতে নেন এবং চুরি যাওয়া মোটরটি উদ্ধার করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কিশোরগঞ্জ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফারুকী জানান, চলন্ত ট্রেন থেকে এসির যন্ত্রাংশ চুরির অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে। যাত্রীদের সতর্কতার কারণে ট্রেনের স্টাফ ও স্থানীয়দের সহায়তায় তাদের যন্ত্রাংশ খোলার সরঞ্জামসহ পাকড়াও করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
ডিবিসি/এমএনকে