জেলার সংবাদ

কিশোরগঞ্জে চাঁদা না দেওয়ায় প্রকৌশলীকে অফিসে চেয়ার দিয়ে পেটানোর অভিযোগ

কিশোরগঞ্জ প্রতিনিধি

ডিবিসি নিউজ

বুধবার ২রা সেপ্টেম্বর ২০২৬ ০৮:৪১:৪৭ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

কিশোরগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের কার্যালয়ে চাঁদার টাকা না দেয়াকে কেন্দ্র করে এক উপসহকারী প্রকৌশলীকে তার নিজ কক্ষে চেয়ার দিয়ে মারধরের অভিযোগ উঠেছে কর্মচারী সংগঠন সিবিএর চার নেতার বিরুদ্ধে। আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তিনি। আজ বুধবার (০২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে কিশোরগঞ্জ পানি উন্নয়ন বোর্ড কার্যালয়ে এ ঘটনা ঘটে।

আহত উপসহকারী প্রকৌশলী মাহমুদুল ইসলাম অভিযোগ করেন, দুপুরে তিনি নিজ কক্ষে দাপ্তরিক কাজ করছিলেন। এ সময় উচ্চমান সহকারী সোয়াইব আহমদ, অফিস সহকারী আবু বক্কর সিদ্দিক, কার্যসহকারী জাকির হোসেন ও ইশতিয়াক আহমেদ তার কক্ষে প্রবেশ করেন। দুই মাস আগে কেন্দ্রীয় এক নেতার সংবর্ধনা অনুষ্ঠানের জন্য তার কাছে চাঁদা দাবি করেন সিবিএ নেতারা। আজ দুপুরে আবারও চাঁদা না দেওয়ার বিষয়টি নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে তাকে চেয়ার দিয়ে মারধর করা হয়।


পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করেন। মাহমুদুল ইসলাম চারজনের নাম উল্লেখ করে কিশোরগঞ্জ মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।


উপসহকারী প্রকৌশলী রিয়াজুল ইসলাম বলেন, হঠাৎ চিৎকার শুনে গিয়ে তিনি মাহমুদুল ইসলামকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়। কর্মস্থলে এমন ঘটনা আগে কখনো দেখেননি বলেও জানান তিনি।


আরেক উপসহকারী প্রকৌশলী ইয়াসীন খান বলেন, একজন কর্মকর্তাকে তার নিজের কক্ষে সহকর্মীরা এভাবে রক্তাক্ত করবেন, এটি কল্পনাও করেননি। তিনি ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।


তবে অভিযোগ অস্বীকার করেছেন জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি সোয়াইব আহমদ। তার দাবি, চাঁদা দাবি বা মারধরের ঘটনা ঘটেনি। বরং ওই কর্মকর্তা তাদের সংগঠনকে হেয় করে কথা বলার প্রতিবাদ করলে তিনি নিজেই মারতে এগিয়ে আসেন এবং ধস্তাধস্তির সময় আলমারিতে লেগে আহত হন।


কিশোরগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মুন্সী আমির ফয়সাল বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম ভূঁইয়া বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


ডিবিসি/এসভিএন
 

আরও পড়ুন