কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় কৃষিজমিতে ধান রোপণ করার সময় বজ্রপাতে আক্রান্ত হয়ে শফিকুল ইসলাম (৪০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
বুধবার (২৯ জুলাই) বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার সুখিয়া ইউনিয়নের চরপলাশ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শফিকুল ইসলাম সুখিয়া ইউনিয়নের চরপলাশ গ্রামের সাদুরবাড়ি এলাকার রেজেক মিয়ার ছেলে।
সুখিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল হামিদ টিটু জানান, বুধবার বিকেলে নিজ জমিতে ধান রোপণ করছিলেন শফিকুল ইসলাম। বেলা সাড়ে তিনটার দিকে হালকা বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে অন্য কৃষকরা বাড়ি চলে গেলেও তিনি কাজ চালিয়ে যান। একপর্যায়ে আকস্মিক বজ্রপাতে তিনি গুরুতর আহত হন।
পরে বৃষ্টি থামলে স্থানীয় লোকজন জমিতে গিয়ে তাকে মাটিতে পড়ে থাকতে দেখেন। বজ্রপাতে আক্রান্ত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরবর্তীতে স্বজনরা তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
ডিবিসি/এমএনকে