বাংলাদেশ, জেলার সংবাদ

কিশোরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ থামাতে গিয়ে ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত

কিশোরগঞ্জ প্রতিনিধি

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

কিশোরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে চলা সংঘর্ষ থামাতে গিয়ে ছুরিকাঘাতে প্রাণ হারিয়েছেন মো. সুমন (৪২) নামে এক স্থানীয় কাঁচামাল ব্যবসায়ী।

মঙ্গলবার (১৭ মার্চ) সকালে সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বগাদিয়া পশ্চিমপাড়া এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত সুমন ওই এলাকার রহিম বাদশার ছেলে এবং স্থানীয় বড় বাজারের ব্যবসায়ী ছিলেন। এই ঘটনায় অভিযুক্ত রুবেল মিয়াকে (৩২) আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিবেশী দুলাল মিয়ার সঙ্গে সিরাজুল ইসলামের পরিবারের জমিজমা নিয়ে গত ১০-১২ দিন ধরে বিরোধ চলছিল। সেই সূত্র ধরে মঙ্গলবার সকালে সিরাজুলের ছেলে রুবেল দেশীয় অস্ত্র নিয়ে দুলাল মিয়ার ওপর হামলা চালায়। এসময় নিকটস্থ বড় বাজারের ব্যবসায়ী সুমন পরিস্থিতি শান্ত করতে এবং দুলালকে বাঁচাতে এগিয়ে আসেন। এতে ক্ষিপ্ত হয়ে রুবেল সরাসরি সুমনের বুকে ছুরিকাঘাত করে। হামলায় সুমন ও দুলাল দুজনেই গুরুতর রক্তাক্ত জখম হন।

 

আহতদের উদ্ধার করে প্রথমে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাদের দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। দুপুর সোয়া ২টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন। বর্তমানে আহত দুলাল মিয়া সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

 

নিহতের স্বজন ও এলাকাবাসীর দাবি, সুমন অত্যন্ত পরোপকারী মানুষ ছিলেন এবং কেবল বিবাদ মেটাতে গিয়েই তাকে প্রাণ দিতে হয়েছে। তারা এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এদিকে ঘটনার পর বিকেল ৩টার দিকে অভিযুক্ত রুবেল মিয়াকে আটক করে পুলিশে দেয় জনতা।

 

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঞা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। অভিযুক্ত রুবেলকে আটক করা হয়েছে এবং এই ঘটনায় মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন