বাংলাদেশ, জেলার সংবাদ, আইন ও কানুন

কিশোরগঞ্জে ডিসি অফিসের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, ৯ জনের কারাদণ্ড

কিশোরগঞ্জ প্রতিনিধি

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়-এর নিয়োগ পরীক্ষায় প্রক্সির মাধ্যমে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার অভিযোগে ৯ পরীক্ষার্থীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ বুধবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত মৌখিক পরীক্ষায় এ ঘটনা ধরা পড়ে। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও নিয়োগ নির্বাচনি কমিটির সভাপতি মোহাম্মদ নাহিদ হাসান খান।

 

অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) মোহাম্মদ নাহিদ হাসান খান বলেন, পরিক্ষার খাতার লেখার সাথে তাদের হাতের লেখা মিলেনি। পরে তারা স্বীকার করেছে প্রক্সির মাধ্যমে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। আজ মৌখিক পরিক্ষা নেওয়ার সময় আমরা বিষয়টি বুঝতে পারি। পরে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের তত্বাবধায়নে ৯ পরীক্ষার্থীকে ১৫ দিন করে কারাদণ্ড দেওয়া হয়।

 

গত ২০ ফেব্রুয়ারি লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। রাজস্ব প্রশাসনের অধীনে ২০তম গ্রেডের অফিস সহায়ক ৫৫টি, নিরাপত্তা প্রহরী ৩টি এবং পরিচ্ছন্নতা কর্মী ১টিসহ মোট ৫৯টি শূন্য পদে জনবল নিয়োগের লক্ষ্যে এ পরীক্ষা নেওয়া হয়। লিখিত পরীক্ষার ফলাফল ২২ ফেব্রুয়ারি প্রকাশিত হয়।

 

বুধবার মৌখিক পরীক্ষার সময় সন্দেহের সৃষ্টি হলে পরীক্ষার্থীদের লিখিত খাতার হাতের লেখার সঙ্গে তাদের তাৎক্ষণিক লেখার মিল পাওয়া যায়নি। এছাড়া জিজ্ঞাসাবাদে তাদের কথাবার্তায় অসংলগ্নতা দেখা দেয়। একপর্যায়ে জিজ্ঞাসাবাদে তারা প্রক্সির মাধ্যমে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার কথা স্বীকার করে। ঘটনার পর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রত্যেককে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করা হয়।

 

দণ্ডপ্রাপ্তরা হলেন- মো. নিজাম উদ্দিন (হোসেনপুর), পিয়াস (পাকুন্দিয়া), সাব্বির (হোসেনপুর), মেহেদী (পাকুন্দিয়া), শফিকুল (মিঠামইন), নজরুল (ইটনা), জসিম (তাড়াইল), রাহিমা আক্তার (কিশোরগঞ্জ সদর), ফয়সাল (তাড়াইল)।

 

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সূফি সাজ্জাদ আল ফোজায়েল, রাহুল ঘোষ পলাশ, আমিন অর রশিদ, মশিউর রহমান ও রিয়াদ হোসেন।

 

ডিবিসি/ এইচএপি  

আরও পড়ুন