কিশোরগঞ্জের বিভিন্ন উপজেলায় পৃথক ঘটনায় গত দুই দিনে পানিতে ডুবে শিশুসহ নয়জনের মৃত্যু হয়েছে। সংশ্লিষ্ট থানাগুলোর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ এসব মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে। শুক্রবার (২৪ জুলাই) সকাল থেকে শনিবার (২৫ জুলাই) বিকেল পর্যন্ত ইটনা, মিঠামইন, নিকলী, বাজিতপুর, কটিয়াদী, ভৈরব ও কিশোরগঞ্জ সদর উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বাজিতপুরের তাসিন (৫) ও জান্নাতুল মাওয়া (৫), ইটনার ফাইজা আক্তার (৫), নিকলীর মোহাম্মদ হাকিম (৫), গাজীপুরের টঙ্গী থেকে আসা মাদ্রাসাছাত্র আরিফ হোসেন (১২), কটিয়াদীর নাঈম মিয়া (১১), ভৈরবের শুভ ইসলাম স্মরণ (১২), কিশোরগঞ্জ সদরের মোহাম্মদ ফয়সাল (২২) এবং ফিজিওথেরাপিস্ট বাছির উদ্দিন মিলন (৩৮)।
শুক্রবার সকাল ৮টার দিকে নিকলী উপজেলার নানশ্রী গ্রামে বাড়ির পাশে খেলার সময় অসাবধানতাবশত পুকুরে পড়ে যায় মোহাম্মদ হাকিম নামের এক শিশু। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
একই দিন দুপুর দুইটার দিকে কটিয়াদী উপজেলার দক্ষিণ লোহাজুরি গ্রামে বিলে গোসল করতে যায় নাঈম মিয়া। সাঁতার না জানায় ভাসমান সহায়ক হিসেবে ব্যবহৃত একটি প্লাস্টিকের বোতল ভুলে ফেলে আসায় সেটি একা আনতে গিয়ে গভীর পানিতে তলিয়ে তার মৃত্যু হয়।
এর আগে, বৃহস্পতিবার ভৈরব উপজেলার জগন্নাথপুর মধ্যপাড়া এলাকা থেকে গোসল করতে গিয়ে নিখোঁজ হয় শুভ ইসলাম স্মরণ। শুক্রবার বিকেলে নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে গাজীপুর থেকে মিঠামইনের হাওর এলাকায় শিক্ষা সফরে আসা মাদ্রাসাছাত্র আরিফ হোসেন ইসলামপুর ঘাট এলাকায় গোসল করতে নেমে পানির তীব্র স্রোতে ভেসে যায়। পরে দুপুরে তার মরদেহ উদ্ধার করা হয়। একই দিন বিকেলে কিশোরগঞ্জ সদরের গাইটাল এলাকার বাসিন্দা ফিজিওথেরাপিস্ট মো. বাছির উদ্দিন মিলন পরিবার নিয়ে হাওরে বেড়াতে যান। মিঠামইনের হাসানপুর ব্রিজসংলগ্ন এলাকায় নৌকা থেকে তার ছোট মেয়ে হঠাৎ পানিতে পড়ে গেলে তাকে বাঁচাতে সঙ্গে সঙ্গে তিনি পানিতে ঝাঁপ দেন। মেয়েকে জীবিত উদ্ধার করতে সক্ষম হলেও তিনি নিজে স্রোতে তলিয়ে যান। পরে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে।
শনিবার দুপুরে বাজিতপুর পৌরসভার মীরারবন্দ এলাকায় বাড়ির পাশে খেলার সময় খালের পানিতে পড়ে তাসিন ও জান্নাতুল মাওয়া নামের দুই শিশুর মৃত্যু হয়। দীর্ঘ সময় নিখোঁজ থাকার পর স্বজনেরা খাল থেকে তাদের মরদেহ উদ্ধার করেন।
এদিকে, কিশোরগঞ্জ সদর উপজেলার নীলগঞ্জ বাজার জামে মসজিদে তাবলিগ জামাতে আসা যুবক মোহাম্মদ ফয়সাল শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে নদীর ঘাটে গোসল করতে নেমে নিখোঁজ হন। ফায়ার সার্ভিসের ডুবুরি দল প্রায় তিন ঘণ্টা অভিযান চালিয়ে তার মরদেহ উদ্ধার করে।
এ ছাড়া, শুক্রবার দুপুরে ইটনা উপজেলার পাঁচকাহনীয়া গ্রামে বড় বোনের সঙ্গে বাড়ির পাশে হাওরে গোসল করতে নেমে পানিতে তলিয়ে যায় শিশু ফাইজা আক্তার। শনিবার দুপুরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে।
ডিবিসি/আরএসএল