কিশোরগঞ্জ শহরে দোকানের মালিকানা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে বসতঘরে ঢুকে শামীম মিয়া (৪০) নামের এক রঙমিস্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে তাঁরই ভাতিজার বিরুদ্ধে। সোমবার (২৭ এপ্রিল) সকালে পৌরসভা কার্যালয়ের সামনে অবস্থিত নিহতের নিজ বাসায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত শামীম মিয়া কিশোরগঞ্জ শহরের হারুয়া এলাকার মৃত গিয়াস উদ্দিনের ছেলে। অন্যদিকে অভিযুক্ত লিংকন হোসাইন (৩৫) একই এলাকার সুলতানের ছেলে এবং সম্পর্কে নিহতের ভাতিজা।
স্থানীয় সূত্রে জানা গেছে, পৌরসভার সামনের একটি দোকানের মালিকানা নিয়ে শামীম ও লিংকনের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সোমবার সকালে শামীম ওই দোকানের ভাড়াটিয়া রাকিব চৌধুরীর কাছে গিয়ে মালিকানা দাবি করে ভাড়া চান। পরে ভাড়াটিয়া বিষয়টি লিংকনকে জানালে তিনি ক্ষিপ্ত হয়ে যান।
একপর্যায়ে লিংকন ছুরি হাতে শামীমের ঘরে ঢুকে তাঁকে এলোপাতাড়ি আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় স্থানীয় ও পরিবারের সদস্যরা শামীমকে উদ্ধার করে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূঞা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং ঘটনার পর থেকে অভিযুক্ত লিংকনকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
ডিবিসি/আরএসএল