কিশোরগঞ্জের বাজিতপুরের সরারচর বাজারে একটি পেট্রোল পাম্পে অগ্নিকাণ্ডের ঘটনায় মালিকসহ ৪ জন দগ্ধ হয়েছে । শুক্রবার (২৩ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে ঘটা এই দুর্ঘটনায় পাম্পসহ অন্তত ৮টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।
অগ্নিদগ্ধরা হলেন- পাম্পের মালিক মো. রাজিব (৩৫) এবং তিন কর্মচারী মো. রিয়াদ (৪০), মো. হারুন (৪৫) ও মো. রহমত উল্লাহ (৪০)। আহতদের সবার বাড়ি বাজিতপুরের সরারচর এলাকায়। তাদের উদ্ধার করে দ্রুত ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের বরাতে জানা যায়, দগ্ধদের মধ্যে রাজিব ও রিয়াদের অবস্থা আশঙ্কাজনক।
বাজিতপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আসাদুজ্জামান জানান, রাতে 'রাজিব ট্রেডার্স' নামের ওই পাম্পে তেল আনলোডের কাজ চলছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সে সময় সিগারেটের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে এবং পাশের আরও আটটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তিনি জানান, অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে এক কোটি টাকার বেশি বলে ধারণা করা হচ্ছে।
বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহীদুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পেট্রোল পাম্প থেকে আগুনের সূত্রপাত হয়ে তা দ্রুত আশপাশে ছড়িয়ে পড়লে এই বড় ধরনের ক্ষতির ঘটনা ঘটে।
ডিবিসি/এসএফএল