কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের মধ্যে টানা দুই দিনব্যাপী চলা সংঘর্ষে থানার ওসি অন্তত ২০ জন আহত হয়েছেন। শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে শুরু হওয়া এই সংঘর্ষ দফায় দফায় শনিবার বিকেল পর্যন্ত চলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে পাকুন্দিয়া পৌর সদরের টান লক্ষ্মীয়া ও হাপানিয়া গ্রামের মধ্যে লক্ষ্মীয়া উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল খেলার আয়োজন করা হয়। খেলার একপর্যায়ে দুই পক্ষের খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষের সূত্রপাত হয়। শনিবার দুপুরে আবারও উভয়পক্ষ ইটপাটকেল ও লাঠিসোঁটা নিয়ে একে অপরের ওপর হামলা চালায় এবং বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর করে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে গেলে তাদের সঙ্গেও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে পাকুন্দিয়া থানার ওসিসহ উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হন। পরে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপম দাস জানান, খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে থানার ওসি ও একাধিক পুলিশসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। পরিস্থিতি এখনো উত্তপ্ত। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ডিবিসি/আরএসএল