কিশোরগঞ্জের কুলিয়ারচরে বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আব্দুল কাদের বাবুল (৫২) নামে এক পিকআপ মালিক নিহত হয়েছেন। এ ঘটনায় পিকআপের চালক গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (২২ মে) দুপুরে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের বাজরাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পর রাতে চিকিৎসাধীন অবস্থায় ওই পিকআপ মালিকের মৃত্যু হয়।
নিহত আব্দুল কাদের বাবুল ঢাকার গুলশানের কড়াইল বস্তির বউ বাজার এলাকার আব্দুল হামিদ বেপারীর ছেলে।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে কুলিয়ারচরের বাজরাবাজার এলাকায় কিশোরগঞ্জগামী একটি বাসের (ঢাকা মেট্রো-ব-১৪-৫০১০) সঙ্গে বিপরীত দিক থেকে আসা ভৈরবগামী একটি পিকআপ ভ্যানের (ঢাকা মেট্রো-ন-১৭-৪৫০০) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপটি দুমড়ে-মুচড়ে যায় এবং ভেতরে থাকা মালিক ও চালক গুরুতর আহত হন।
দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় প্রেরণ করেন। পরে শুক্রবার রাতে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় পিকআপ মালিক আব্দুল কাদের বাবুল মারা যান।
এ বিষয়ে ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার চৌধুরী জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনাকবলিত বাস ও পিকআপ ভ্যানটি উদ্ধার করে বর্তমানে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।
ডিবিসি/আরএসএল