কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় রাতের আঁধারে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৯ মে) রাত ৮টার দিকে উপজেলার কোদালিয়া-হোসেনপুর পাকা সড়কের শৈলজানি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মো. জোবায়েদ (২৫) উপজেলার চরপলাশ গ্রামের মো. আলতাব উদ্দীনের ছেলে। তিনি পেশায় একজন পোল্ট্রি খামারি ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, জোবায়েদ রাত ৭টার দিকে কোদালিয়া বাজারে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। পথে কোদালিয়া-হোসেনপুর পাকা সড়কের শৈলজানি এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজন সড়কের ওপর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।
পাকুন্দিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) খোকন চন্দ্র সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। তবে কে বা কারা, কী কারণে তাকে কুপিয়ে হত্যা করেছে-তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
তিনি আরও জানান, হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে নিহতের পরিবারের সঙ্গে কথা বলছে পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহ কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
ডিবিসি/এসএফএল