কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীরের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে কেন্দ্রীয় বিএনপি।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযোগ প্রমাণিত হওয়ায় জাহাঙ্গীরের প্রাথমিক সদস্যপদসহ দলীয় সব পর্যায়ের পদ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে।
দলীয় সূত্র ও স্থানীয়দের অভিযোগ অনুযায়ী, নিজের বাড়িতে যাতায়াতের পথ সুগম করতে মিঠামইনের কামালপুর এলাকায় নদীভাঙন রোধে নির্মিত বেড়িবাঁধের প্রায় ২০টি মেহগনি গাছ ব্যক্তিগত স্বার্থে কেটে ফেলেন জাহিদুল আলম জাহাঙ্গীর। সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের উদ্যোগে রোপণ করা এই গাছগুলো দীর্ঘকাল ধরে এলাকাটিকে নদীভাঙন থেকে রক্ষা করে আসছিল। গত ৫ আগস্টের পর থেকে দফায় দফায় গাছ কাটা শুরু হলেও গত ২১ ফেব্রুয়ারি একসাথে ১০ থেকে ১২টি বড় গাছ বৈদ্যুতিক করাত দিয়ে কেটে ফেলা হয়, যার আনুমানিক বাজারমূল্য কয়েক লক্ষ টাকা।
অভিযুক্ত নেতা জাহিদুল আলম জাহাঙ্গীর গাছ কাটার বিষয়টি অস্বীকার করে দাবি করেছেন, জমিটি সরকারি নয় এবং ব্যক্তিগত প্রয়োজনে মালিকরা গাছ কেটেছেন। তবে মিঠামইন উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপজেলা প্রকৌশলী ফয়জুর রাজ্জাক জানান, ১৯৯৫-৯৬ সালে নির্মিত এই বাঁধের গাছগুলো সরকারি উদ্যোগেই লাগানো হয়েছিল। গাছ কাটার খবর পেয়ে ইতোমধ্যে স-মিলে অভিযান চালিয়ে কাঠ জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
উলেখ্য, নদী রক্ষা ও পরিবেশগত গুরুত্ব বিবেচনায় নেওয়া এই গাছগুলো সাবাড় করার বিষয়টি দলীয় নীতি ও আদর্শের পরিপন্থী হওয়ায় বিএনপি হাইকমান্ড কঠোর এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। প্রভাবশালী নেতার বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়ায় স্থানীয়দের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে।
ডিবিসি/পিআরএএন