বাংলাদেশ, জেলার সংবাদ

কিশোরগঞ্জে মসজিদের নিলামে দু'হালি ডিম ২ হাজার টাকায় বিক্রি!

কিশোরগঞ্জ প্রতিনিধি

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বাজারমূল্য যেখানে মাত্র ১২০ টাকা, সেখানে কিশোরগঞ্জের করিমগঞ্জে একটি মসজিদে দুই হালি ডিম নিলামে বিক্রি হয়েছে দুই হাজার টাকায়।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাতে পবিত্র শবে বরাত উপলক্ষে উপজেলার কাদিরজঙ্গল ইউনিয়নের নামাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে এশার নামাজের আগে এ ঘটনাটি ঘটে।

 

স্থানীয় সূত্রে ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, পবিত্র শবে বরাতের রাতে ইবাদত ও নফল নামাজ আদায়ের উদ্দেশ্যে নামাপাড়া এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা মসজিদে সমবেত হন। এ সময় এলাকার দুইজন মুসল্লি মসজিদে দুই হালি ডিম দান করেন। পরবর্তীতে এশার নামাজের আগে মসজিদ পরিচালনা কমিটি মসজিদের উন্নয়ন কাজের জন্য অর্থ সংগ্রহের উদ্দেশ্যে দানকৃত ওই ডিমগুলো উন্মুক্ত নিলামে তোলে।

 

মসজিদের সাধারণ মুসল্লিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নিলামে ডিমের দাম দ্রুত বাড়তে থাকে। নিলামের শুরুতে মানিক মিয়া নামের এক ব্যক্তি প্রথম এক হালি ডিম ৩০০ টাকা দিয়ে কিনে নেন। এরপর অপর এক হালি ডিম ১ হাজার টাকা দিয়ে কিনে নেন বাদল মিয়া নামের আরেক মুসল্লি। ঘটনার এখানেই শেষ নয়, মানিক মিয়া তার ক্রয়কৃত এক হালি ডিম বাড়িতে না নিয়ে পুনরায় মসজিদের দান করে দেন।

 

মানিক মিয়ার পুনরায় দান করা সেই এক হালি ডিম আবারও নিলামে তোলা হলে উপস্থিত ৪-৫ জন মুসল্লির মধ্যে দাম বাড়ানোর এক বন্ধুত্বপূর্ণ প্রতিযোগিতা শুরু হয়। শেষ পর্যন্ত রানা মিয়া নামের এক ব্যক্তি সেই এক হালি ডিম ৭০০ টাকায় কিনে নেন। সব মিলিয়ে মানিক মিয়ার ৩০০ টাকা, বাদল মিয়ার ১০০০ টাকা এবং রানা মিয়ার ৭০০ টাকা মোট দুই হাজার টাকায় বিক্রি হয় এই দুই হালি ডিম।

 

অস্বাভাবিক দামে ডিম কেনার বিষয়ে বাদল মিয়া নিজের অনুভূতি ব্যক্ত করে বলেন, এটি আসলে ডিম কেনা নয়, বরং মসজিদের জন্য কিছু করতে পারাটাই বড় সৌভাগ্যের বিষয়। নেক আমলের আশায় এবং মসজিদের উন্নয়নের কাজে সামান্য সহযোগিতা করতেই আমি বাজারমূল্যের চেয়ে বেশি দামে ডিমগুলো কিনেছি।

 

একই সুরে কথা বলেন রানা মিয়া। তিনি বলেন, আমিও মসজিদের মহৎ কাজে অংশ নিতে চেয়েছিলাম। তাই যখন ডিমটি পুনরায় নিলামে উঠল, আমি সেটি কিনে নিই। এর মাধ্যমে যদি আল্লাহর ঘরের কোনো উপকার হয়, সেটাই আমাদের জন্য সবচেয়ে বড় প্রাপ্তি।

 

এ প্রসঙ্গে নামাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের খতিব রবিউল ইসলাম বলেন, ইসলামে ভালো কাজে প্রতিযোগিতার নির্দেশ রয়েছে। মসজিদের জিনিসপত্র বেশি দামে কিনলে আল্লাহ বরকত দেন। সাধারণ মানুষ বেশি সওয়াবের আশায় এমন আবেগপ্রবণ ও মহৎ কাজ করে থাকেন। এই নিলাম থেকে প্রাপ্ত পুরো অর্থই মসজিদের উন্নয়নমূলক কাজে ব্যয় করা হবে।

 

ডিবিসি/এএমটি

আরও পড়ুন