কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জামে মসজিদ থেকে ১৭টি সিলিং ফ্যান চুরির ঘটনায় মূল অভিযুক্ত এবং চোরাই মাল কেনার অভিযোগে এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৩ জুলাই) বিকেলে হোসেনপুর থানা পুলিশের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত মে মাস থেকে ৯ জুলাইয়ের মধ্যে বিভিন্ন সময়ে ওই মসজিদ থেকে মোট ১৭টি সিলিং ফ্যান চুরি হয়। এ ঘটনায় মসজিদ পরিচালনা কমিটির পক্ষ থেকে থানায় একটি মামলা দায়ের করা হয়। পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) আমিনুর রহমান ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে চুরির সঙ্গে জড়িত পারভেজ মোশারফ ওরফে বেলাকে শনাক্ত করেন। সে উপজেলার পশ্চিম দীপেশ্বর গ্রামের স্বপনের ছেলে। পরে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে পারভেজ ফ্যান চুরির কথা স্বীকার করে এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে উপজেলার নতুন বাজার এলাকায় হলুদ মিয়ার ইলেকট্রনিকসের দোকানে অভিযান চালানো হয়। সেখান থেকে চোরাইকৃত দুটি সিলিং ফ্যান উদ্ধার করে পুলিশ। জিজ্ঞাসাবাদে ব্যবসায়ী হলুদ মিয়া জানান, তিনি পারভেজের কাছ থেকে প্রতিটি ৬০০ টাকা দরে মোট চারটি ফ্যান কিনেছিলেন এবং এর মধ্যে দুটি ফ্যান ১ হাজার ২০০ টাকা দরে অন্যত্র বিক্রি করে দিয়েছেন।
এ বিষয়ে হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম জানান, জেনেশুনে চোরাই মাল ক্রয় ও নিজের কাছে সংরক্ষণের অভিযোগে ব্যবসায়ী হলুদ মিয়াকেও গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃত দুই আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ডিবিসি/আরএসএল