কিশোরগঞ্জের ইটনায় মাদক ব্যবসায় বাধা দেওয়াকে কেন্দ্র করে রূপ মিয়া (৪০) নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রধান অভিযুক্ত শ্যামল মিয়াকে (৪০) আটক করেছে পুলিশ।
রবিবার (৫ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার এলংজুরী ইউনিয়নের নূরপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রূপ মিয়া নূরপুর গ্রামের আবদুল মোতালিবের ছেলে এবং আটক শ্যামল মিয়া একই গ্রামের চুন্নু মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নূরপুর গ্রামের একটি দোকানে বসে ছিলেন রূপ মিয়া। এ সময় সেখানে গিয়ে তার সঙ্গে শ্যামল মিয়ার বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে শ্যামল ও তার সহযোগীরা রূপ মিয়াকে ছুরিকাঘাত করেন বলে অভিযোগ ওঠে। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহতের পরিবারের সদস্যদের দাবি, রূপ মিয়া একসময় শ্যামলের সঙ্গে চলাফেরা করলেও কিছুদিন আগে তাদের সম্পর্কের অবনতি ঘটে। পরে তিনি শ্যামলের মাদক ব্যবসার বিরোধিতা শুরু করেন। এ কারণে শ্যামল তার ওপর ক্ষুব্ধ ছিলেন এবং সেই ক্ষোভ থেকেই রূপ মিয়াকে হত্যা করা হয়েছে। পুলিশের ভাষ্যমতে, আটক শ্যামলের বিরুদ্ধে চুরি ও মাদকসহ একাধিক মামলা রয়েছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নূরপুর এলাকায় শ্যামল মিয়া ও বিপ্লবের নেতৃত্বে একটি চক্র দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে। তাদের বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন অপরাধের একাধিক মামলা রয়েছে। আগে কারাভোগ করলেও জামিনে বেরিয়ে এসে তারা আবারও মাদক ব্যবসায় জড়িয়ে পড়েছেন।
ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ খান জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রধান অভিযুক্তকে আটক করা হয়েছে। হত্যাকাণ্ডের পেছনের কারণ এবং এর সাথে অন্য কেউ জড়িত আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
ডিবিসি/আরএসএল