বাংলাদেশ, জেলার সংবাদ, আইন ও কানুন

কিশোরগঞ্জে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে ভাঙচুর, লুটপাট

কিশোরগঞ্জ প্রতিনিধি

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতের কোনো একসময় দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা স্থানীয় বাসিন্দাদের।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্বৃত্তরা কার্যালয়টিতে ভাঙচুর চালানোর পাশাপাশি আসবাবপত্র লুট করে নিয়ে যায়। কার্যালয়ের এক পাশে থাকা টিনশেড ঘরে স্যানিটারি ইন্সপেক্টরের কার্যালয় এবং অন্য পাশে থাকা আরেকটি টিনশেড ঘরে মুক্তিযোদ্ধা হযরত আলী বসবাস করতেন। দুর্বৃত্তরা দুটি ঘরই ভেঙে ফেলেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

 

এ ছাড়া যেসব আসবাবপত্র ও নথিপত্র নিয়ে যেতে পারেনি, সেগুলোও ভাঙচুর ও তছনছ করা হয়েছে। ঘটনাস্থলটি পাকুন্দিয়া থানা থেকে প্রায় ১০০ গজ দূরে হওয়ায় স্থানীয়দের মধ্যে বিস্ময়ের সৃষ্টি হয়েছে।

 

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান বলেন, ‘ঘটনার বিষয়ে অনুসন্ধানী কার্যক্রম চলছে। লিখিত অভিযোগ পাওয়া গেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

 

পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুপম দাস বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়েরের প্রক্রিয়া চলছে।

 

ডিবিসি/এইচএপি  

আরও পড়ুন