কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পুরাতন ব্রহ্মপুত্র নদের জলাশয়ে মৎস্য পোনা অবমুক্তকরণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রবিবার (১৬ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার মির্জাপুর চেয়ারম্যান বাড়ি ঘাট এলাকায় এই কর্মসূচি পালিত হয়।
পোনা অবমুক্তকরণ শেষে পাশের মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী স্থানীয় নেতাকর্মী, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তিনি মৎস্য দিবসের গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন এবং পাকুন্দিয়াবাসীর দীর্ঘদিনের দাবি- মুনিয়ারিকান্দি ও গফরগাঁও দত্তেরবাজার সেতু নির্মাণ প্রকল্প হাতে নেওয়ার প্রতিশ্রুতি দেন।
অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি এবং বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমানসহ সামরিক-বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা জানান, পুরাতন ব্রহ্মপুত্র নদের জলাশয়ে দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি এবং মৎস্যসম্পদে স্থানীয় জনগোষ্ঠীর সম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যেই মূলত এই উদ্যোগ নেওয়া হয়েছে।
ডিবিসি/আরএসএল