কিশোরগঞ্জের দুটি সরকারি হাসপাতালে অভিযান চালিয়ে ১৭ জন দালালকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ও কিশোরগঞ্জ মডেল থানা যৌথভাবে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল এবং কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে এই অভিযান পরিচালনা করে।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, দীর্ঘদিন ধরে অভিযোগ ছিল যে, একটি চক্র সক্রিয় থেকে বিভিন্ন অজুহাতে রোগীদের প্রলোভন দেখিয়ে সরকারি হাসপাতাল দুটি থেকে স্থানীয় বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যাচ্ছে। এসব সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই পুলিশ একযোগে এই বিশেষ অভিযান চালায়।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে মোট ৩২ জনকে আটক করা হয়েছিল। পরবর্তীতে প্রাথমিক যাচাই-বাছাই শেষে ছয়জনের উপস্থিতির যৌক্তিক কারণ পাওয়ায় তাদের ছেড়ে দেওয়া হয়। এর মধ্যে ১৭ জনকে নিশ্চিত দালাল হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং বাকিদের বিষয়ে যাচাই-বাছাই অব্যাহত রয়েছে। সন্তোষজনক ব্যাখ্যা দিতে না পারলে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ সুপার আরও বলেন, দূরদূরান্ত থেকে চিকিৎসা নিতে আসা দরিদ্র ও সহজ-সরল রোগীদের ফুসলিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার সুযোগ আর কাউকে দেওয়া হবে না। এ ধরনের অপরাধমূলক কার্যক্রম দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
এ ঘটনায় থানায় নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা। প্রেস ব্রিফিংয়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাজমুস সাকিব খান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শরিফুল হক এবং কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূঞা।
ডিবিসি/এমএনকে