কিশোরগঞ্জের কটিয়াদীতে পিকআপ ভ্যানের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশায় থাকা এক নারী নিহত হয়েছেন। বুধবার (২৯ জুলাই) দুপুরে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের আচমিতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত অন্তরা আক্তার (২৭) নরসিংদীর মনোহরদী উপজেলার চর গোহালবাড়িয়া গ্রামের বাসিন্দা এবং কটিয়াদী বাজারের ব্যবসায়ী মৃত জিল্লুর রহমানের স্ত্রী। মাত্র দুই মাস আগে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে হত্যাকাণ্ডের শিকার হন তার স্বামী।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, স্বামী জিল্লুর রহমানের হত্যা মামলার তদন্তের বিষয়ে কথা বলতে কিশোরগঞ্জে এসেছিলেন অন্তরা। পরে সিএনজিচালিত অটোরিকশায় করে বাড়ি ফেরার পথে আচমিতা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির পিকআপ ভ্যান অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অন্তরা গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক বিকেল সাড়ে তিনটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
কটিয়াদী হাইওয়ে থানার পরিদর্শক এবিএম মেহেদী মাসুদ বলেন, সড়ক দুর্ঘটনায় অন্তরা নামের এক নারী নিহত হয়েছেন। মরদেহের ময়নাতদন্তসহ পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।
তিনি জানান, এ ঘটনার পর পিকআপটি আটক করা যায়নি। এছাড়াও সিএনজিচালিত অটোরিকশা বা চালককেও পাওয়া যায়নি।
অন্তরার স্বামী জিল্লুর রহমান গত ১৮ মে কটিয়াদী বাজারে তার নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে হত্যাকাণ্ডের শিকার হন। ওই হত্যা মামলাটি বর্তমানে কিশোরগঞ্জ পিবিআই তদন্ত করছে।
মামলার তদন্ত কর্মকর্তা কিশোরগঞ্জ পিবিআইয়ের উপপরিদর্শক (এসআই) মো. জাহিদুল হক বলেন, অন্তরা পিবিআইয়ের কিশোরগঞ্জ কার্যালয়ে তার সঙ্গে দেখা করতে আসেননি। তবে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু অত্যন্ত দুঃখজনক ও মর্মান্তিক।
মাত্র দুই মাসের ব্যবধানে স্বামী-স্ত্রীর এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
ডিবিসি/এসডব্লিউএন